চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মীর লাশ নিয়ে মৌন মিছিল
আধিপত্য বিস্তার নিয়েই চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে গত সোমবার প্রতিপক্ষের হামলায় যুবলীগের কর্মী আজিজুল ইসলাম (৩৫) খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী নিহত আজিজুলের বিরুদ্ধে জেলা যুবলীগের আহ্বায়ক জিপু চৌধুরীকে হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে।
এদিকে সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিহতের লাশ নিয়ে শহরে মৌন মিছিল বের করা হয়। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, ত্রাণবিষয়ক সম্পাদক খুস্তার জামিল, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম ও যুবলীগের নেতা নঈম হাসান জোয়ার্দ্দারসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী এতে অংশ নেন।
এরপর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে মুন্সী আলমগীর হান্নান বলেন, ‘খুনের রহস্য বের করে খুনিদের শাস্তির আওতায় আনতে হবে। আমরা হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।’ দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ অপরাজনীতির চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
পুলিশ সুপার মো. রশীদুল হাসান বলেন, জেলা যুবলীগে বর্তমানে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্বে জেলা যুবলীগের আহ্বায়ক জিপু চৌধুরী। অপর পক্ষের নেতৃত্ব দেন নঈম হাসান জোয়ার্দ্দার। দুই নেতার কিছু অনুসারী ডিঙ্গেদহ ও আশপাশ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সম্প্রতি বিরোধে জড়ান। বিরোধকে কেন্দ্র করে কয়েক দফা পাল্টাপাল্টি হামলা ও মামলা হয়েছে। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ওই হামলায় নিহত আজিজুল ইসলাম যুবলীগের নেতা নঈম হাসান জোয়ার্দ্দারের অনুসারী ছিলেন। আর আহত বুদো মণ্ডল আওয়ামী লীগের নেতা ও জিপু চৌধুরীর অনুসারী।
প্রসঙ্গত, গত সোমবার রাতে দুর্বৃত্তের হামলায় আজিজুল নিহত এবং আওয়ামী লীগের কর্মী বুদো মণ্ডল আহত হন। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘চুয়াডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় যুবলীগ কর্মী নিহত’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।