চুয়াডাঙ্গায় যৌন হয়রানির ঘটনায় তরুণের কারাদণ্ড
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানির ঘটনায় জিসান শাহরিয়ার নামের এক তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন।
দণ্ডিত জিসান শাহরিয়ার আলমডাঙ্গা পৌর এলাকার মাদ্রাসাপাড়ার জহুরুল হকের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করেন বলে দাবি করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের শ্বশুরবাড়ি থেকে ওই নারী গতকাল আলমডাঙ্গায় বাবার বাড়িতে যাচ্ছিলেন। আলমডাঙ্গা স্টেশন থেকে তিনি একটি রিকশা-ভ্যানে চড়েন। এ সময় আরেকটি ভ্যানে চড়ে জিসান তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে জিসান ওই নারীকে বহনকারী ভ্যানের গতি রোধ করেন। এ সময় তিনি জোরপূর্বক নেকাব খুলে মেয়েটির মুখ দেখার চেষ্টা করেন। আশপাশের লোকজন ছুটে এসে জিসানকে আটক করেন। তাঁকে মারপিট করে পুলিশে দেওয়া হয়। খবর পেয়ে আলমডাঙ্গার ইউএনও আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে তাঁকে চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়।