চুয়াডাঙ্গায় রোহিঙ্গা সন্দেহে তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় রোহিঙ্গা শরণার্থী সন্দেহে ২৬ বছর বয়সী এক তরুণকে আটক করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা রেলস্টেশনে ঘোরাফেরার সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটক ওই তরুণ পুলিশকে জানিয়েছেন, তাঁর নাম মুনসুর আলম। তাঁর বাবার নাম কালাম মিয়া, মায়ের নাম মরিয়ম খাতুন। তিনি পেশায় রিকশাচালক। বাড়ি কক্সবাজারের খোকতাখালি গ্রামে। বাড়িতে বাবা-মা ছাড়াও তাঁর এক ভাই ও এক বোন রয়েছেন। কাজের সন্ধানে চার দিন আগে তিনি কক্সবাজার থেকে প্রথমে চট্টগ্রাম এবং পরে ট্রেনে ঢাকা এবং ঢাকা থেকে চুয়াডাঙ্গা এসেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, আটক তরুণকে রোহিঙ্গা বলেই ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমি কক্সবাজার থানার ওসির সঙ্গে মুঠোফোনে কথা বলেছি। তিনি জানিয়েছেন, খোকতাখালি নামে ওই জেলায় কোনো গ্রাম নেই। তাঁর প্রকৃত পরিচয় জানতে চেষ্টা চলছে।’