চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কুটিলা খাতুন (৭) নামের এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কুটিলার ভগ্নিপতিকে সদর উপজেলার দশমী গ্রামের ইমাম হোসেনকে (২৫) আটক করেছে। ইমাম হোসেন ধর্ষণ ও খুনের কথা স্বীকার করেছে বলে পুলিশ দাবি করেছে।
কুটিলা দামুড়হুদার জয়নগর গ্রামের লিয়াকত আলীর মেয়ে। পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত থেকে কুটিলা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে দামুড়হুদার দর্শনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পেছন থেকে এলাকাবাসী একটি শিশুর গলাকাটা লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে দামুড়হুদা থানায় নিয়ে যায়। এরপর ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে কুটিলার লাশ শনাক্ত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, লাশ উদ্ধারের পরপর প্রধান সন্দেহভাজন হিসেবে নিহত শিশুটির ভগ্নিপতি ইমাম হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ইমাম হোসেন তাঁর শ্যালিকা কুটিলাকে
ধর্ষণ শেষে হত্যার কথা স্বীকার করেন। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে আলমডাঙ্গা উপজেলার পারলক্ষ্মীপুর গ্রাম থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অজ্ঞাতনামা এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে। আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা জানান, পারলক্ষ্মীপুর গ্রামের ভাটই নদী থেকে উদ্ধার
করা লাশের চেহারা বিকৃত হয়ে গেছে। শরীর থেকে একটি পা ও মাংস খসে গেছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি।