চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় একজন গ্রেপ্তার
চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ গোরস্থান পাড়ার স্কুলছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলায় পুলিশ আরজিনা খাতুন (৪৩) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে। আরজিনা মামলার প্রধান আসামি হুমায়ুন বাঙ্গালের (৫২) স্ত্রী ও এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।
পুলিশ জানায়, আরজিনা খাতুনকে গত রোববার রাতে তাঁর এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে আটক করা হয়। গতকাল সোমবার তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ মঙ্গলবার আরজিনাকে আদালতে সোপর্দ করা হবে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, ওই স্কুলছাত্রীর মৃত্যুরহস্য উদ্ঘাটন করতে আরজিনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
চুয়াডাঙ্গা শহরের প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীর লাশ ২ মে উদ্ধার হয়। মেয়েটির মা গত রোববার সদর থানায় একটি মামলা করেন। এতে মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ আনা হয়। আসামি একই পাড়ার হুমায়ুন বাঙ্গালসহ তাঁর স্ত্রী, মেয়ে, জামাতা ও জামাতার ভাই।