ঘটনার পাঁচ দিন পর মামলা করল পরিবার জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি এলাকাবাসীর
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা?
চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ গোরস্থানপাড়ায় এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পাঁচ দিন পর গতকাল রোববার পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলা করেছে তার পরিবার।
মেয়েটি স্থানীয় প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী গতকাল সকালে শহরে বিক্ষোভ মিছিল করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তারা মানববন্ধন করে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মেয়েটির বাবা ঢাকায় থাকেন। মেয়েটির মা চুয়াডাঙ্গার দুটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। একটি বাড়ির গৃহকর্তা হুমায়ুন বাঙ্গাল (৫২) মাঝেমধ্যে মেয়েটিকে তাঁর বাড়িতে কাজের কথা বলে ডেকে নিতেন। আনুমানিক ১৫ দিন আগে সন্ধ্যায় তাকে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন হুমায়ুন। মেয়েটি বাড়িতে এসে তার মাকে ঘটনা জানায়। বিষয়টি হুমায়ুনের পরিবারের সদস্যদের জানাতে গেলে তাঁরা উল্টো খারাপ আচরণ করেন। এরপর ২ মে দুপুর ১২টার দিকে হুমায়ুন নিজের মেয়েকে দিয়ে মেয়েটিকে বাড়িতে ডেকে নিয়ে যান। বেলা একটার দিকে হুমায়ুনসহ এজাহারভুক্ত পাঁচজন মেয়েটির নিথর দেহ তার বাড়িতে রেখে যান।
এজাহারে মেয়েটির মা উল্লেখ করেছেন, তাঁর মেয়েকে ধর্ষণ করেছেন হুমায়ুন। এরপর তিনি অন্য আসামিদের সহযোগিতায় ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করেন।
এলাকাবাসী বলেন, চাপের মুখে হতদরিদ্র পরিবারটির সদস্যরা প্রথমে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে চাইছিলেন। কিন্তু পুলিশের সন্দেহ হলে তারা লাশ উদ্ধার করে পরদিন ময়নাতদন্তের উদ্যোগ নেয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীবুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের চিকিৎসক দল মেয়েটির লাশের ময়নাতদন্ত করেন। প্রাপ্ত আলামতে মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে মনে হয়েছে।
ঘটনাটি জানতে পেরে ‘মানবতা’ নামের একটি মানবাধিকার সংগঠন মেয়েটির পরিবারের পাশে দাঁড়ায়। তাদের সহযোগিতায় মেয়েটির মা গতকাল দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় খুন ও ধর্ষণের মামলা করেন। মামলার আসামিদের মধ্যে গৃহকর্তা হুমায়ুন ছাড়াও তাঁর স্ত্রী আরজিনা খাতুন (৪৫), মেয়ে সীমা খাতুন (২৩) এবং জামাতা একই পাড়ার সাদ্দাম হোসেন (২৭) ও জামাতার ভাই জাহিদ হোসেন (২৫) রয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাঁদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।