চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আদিবাসী তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় দুটি ইটভাটার ট্রাক্টর ও খোয়া ভাঙার গাড়ির মুখোমুখি সংঘর্ষে রিপন বিশ্বাস (২৫) নামের আদিবাসী এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে দামুড়হুদা উপজেলার মোক্তারপুরে ওই দুর্ঘটনা ঘটে।

রিপন বিশ্বাস দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা আদিবাসী পল্লির মৃত গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে। তিনি দামুড়হুদার পুড়াপাড়ার রাজা ইটভাটার শ্রমিক ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও সহকর্মী সাইদুর রহমান বলেন, রিপনসহ তাঁরা পাঁচজন সকাল আটটার দিকে খোয়া ভাঙার গাড়িতে করে কার্পাসডাঙ্গা থেকে পুড়াপাড়ায় ইটভাটায় যাচ্ছিলেন। মোক্তারপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রেড ইটভাটার ট্রাক্টর ধাক্কা দিলে রিপন গাড়ি থেকে ছিটকে পড়েন এবং মাথায় আঘাত পান। এরপর তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সদর হাসপাতালের আরএমও মাসুদ রানা বলেন, হাসপাতালে পৌঁছার আগেই রিপন মারা গেছেন। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, দুর্ঘটনাকবলিত দুটি গাড়িই জব্দ করা হয়েছে।