চুয়াডাঙ্গায় হুইপের বাড়ির পাশের দোকানে চুরি
চুয়াডাঙ্গায় জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারের বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরে অবস্থিত একটি ব্যাটারির দোকানে চুরি হয়েছে। গত শনিবার রাতে ন্যাশনাল ব্যাটারি হাউস নামের পাইকারি দোকানের দরজার তালা ভেঙে ওই চুরির ঘটনা ঘটে।
দোকানমালিক ইদ্রিস আলী জানান, সংঘবদ্ধ চোরেরা দোকানের তালা ভেঙে ২৪৫টি ব্যাটারি (মোটরগাড়ি ও আইপিএসে ব্যবহার উপযোগী) ও ১০টি আইপিএস নিয়ে গেছে, যার পাইকারি বাজারদর প্রায় ২৪ লাখ টাকা। তিনি দাবি করেন, চোরেরা দোকানের সামনে ট্রাক রেখে দীর্ঘ সময় ধরে চুরি করেছে। দোকানের সামনে ট্রাকের চাকার স্পষ্ট দাগ রয়েছে।
গত শনিবার রাতের চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার। তিনি বলেন, ‘মাত্র এক মাস আগে নিউমার্কেট গেটের বাংলাদেশ টেলিকম ও পুরোনো হাসপাতাল সড়কের বিজলি বিতানে বড় ধরনের চুরি হয়েছে। চুয়াডাঙ্গা শহরে একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়। শিগগিরই সমিতির পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।’
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ন্যাশনাল ব্যাটারি হাউসের মালিক ইদ্রিস আলী হ্যামকো ব্যাটারির চুয়াডাঙ্গা জেলার ডিলার। শহরের শহীদ আবুল কাশেম সড়কের টাউন ফুটবল মাঠ এলাকায় দোকানটির অবস্থান। ওই দোকান থেকে মাত্র ১০০ গজ দুরে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারের বাড়ি।
ইদ্রিস আলী বলেন, ২৫ বছরেরও বেশি সময় ধরে তিনি মোটরগাড়ি ও আইপিএসে ব্যবহার উপযোগী ব্যাটারির ব্যবসা করছেন। দুপুরে চুরির অভিযোগে একটি মামলা করেন।