চুয়াডাঙ্গায় হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা শহরের একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ‘চুয়াডাঙ্গা আবাসিক হোটেল’ এর ২০৪ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

হোটেলের নিবন্ধন খাতায় ওই তরুণীর নাম ফরিদা খাতুন ও বয়স ২২ বছর বলে উল্লেখ রয়েছে। পুলিশ ধারণা করছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি থেকে স্বামী পরিচয়ে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে নিয়ে হোটেলটিতে অবস্থান করছিলেন ওই তরুণী। তাঁদের দুজনের বাড়িই ঢাকার গাজীপুরে বলে হোটেলের নিবন্ধন বইতে লেখা হয়।

আনোয়ার হোসেন রোববার রাতে হোটেল থেকে পালিয়ে যান বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের মালিক মো. রঞ্জু জোয়ার্দ্দার এবং দুই ব্যবস্থাপক আনিসুর রহমান ও শাহিন হোসেনকে আটক করেছে।

সদর থানার পুলিশ সূত্র জানায়, হোটেল থেকে সংবাদ পেয়ে আজ বেলা ১১ টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। হোটেলের ২০৪ নম্বর কক্ষের বাইরে তালা ঝুলছিল। জানালা দিয়ে তরুণীর লাশ দেখা যায়। পরে অতিরিক্ত (ডুপ্লিকেট) চাবি দিয়ে তালা খোলা হয়।

হোটেলের মালিক রঞ্জু জোয়ার্দ্দার বলেন, গত ২১ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে ফরিদা ও আনোয়ার হোটেলে ওঠেন। ওই সময় আনোয়ার নিজেকে প্রবাসী দাবি করে জানিয়েছিলে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলায় বাড়ি তৈরির জন্য তিনি জমি কিনেছেন। সেটা দেখতে এসেছেন। সেই থেকে তাঁরা একসঙ্গে পাশের একটি খাবার হোটেলে নিয়মিত খাবার খেতেন ও বাইরে বেড়াতে যেতেন। আনোয়ার রোববার রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল আনার কথা বলে হোটেল থেকে বেরিয়ে পড়েন। এরপর আর ফিরে আসেননি।’

রঞ্জু জোয়ার্দ্দার আরও বলেন, রোববার দিবাগত রাত দেড়টার দিকে হোটেলের কার্যক্রম বন্ধ করার সময় খেয়াল করি ২০৪ নম্বর কক্ষের বাইরে তালা ঝোলানো। জানালা দিয়ে দেখা যায় মেয়েটি শুয়ে রয়েছে। কয়েকবার খালা খালা বলে ডাক দিলেও কোনো সাড়া না মেলায় ওই রাতেই সদর থানায় ফোন করে জানানো হয়। থানা থেকে পরামর্শ দেওয়া হয় সকালে জানাতে। সকালে আবার পুলিশকে জানানো হয়।

সদর থানার পরিদর্শক (অপারেশন) আমির আব্বাস বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আলামত দেখে মনে হচ্ছে, মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মেয়েটির ও আনোয়ারের প্রকৃত পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।’