চুয়াডাঙ্গায় ৭০ ভরি সোনাসহ বাসযাত্রী আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে ৭০ ভরি সোনাসহ ইদ্রিস আলী (৪০) নামের এক বাসযাত্রীকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি দাবি করেন, এই সোনাগুলো ঢাকা থেকে দর্শনা পর্যন্ত পৌঁছে দিচ্ছিলেন। বিনিময়ে তাঁকে তিন হাজার টাকা মজুরি দেওয়ার কথা।
চুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ইদ্রিস আলী (৪০) ঢাকা থেকে দর্শনাগামী পূর্বাশা পরিবহনের যাত্রী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার লোকনাথপুর পেট্রলপাম্পের কাছে ওই বাসে অভিযান চালানো হয়। এ সময় ইদ্রিসের কাছ থেকে ৭০ ভরি ওজনের সোনার সাতটি বার উদ্ধার করা হয়। এই সোনার বাজারমূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা হতে পারে।
আটক ইদ্রিস আলী যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের খলশি গ্রামের বাসিন্দা। তিনি দাবি করেন, সোনার বারগুলোর বাহক ছিলেন তিনি। ঢাকা থেকে দর্শনা পর্যন্ত পৌঁছে দিলে তিন হাজার টাকা মজুরি পেতেন।
চুয়াডাঙ্গার বিজিবি–৬ ব্যাটালিয়নের পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদ্রিস আলীকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। উদ্ধারকৃত সোনার বারগুলো জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে (ট্রেজারি অফিস) জমা দেওয়া হয়েছে।