চুয়েটে অচলাবস্থা কাটেনি
ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত আছে। গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা টানা চতুর্থ দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করেন। অচলাবস্থা কাটাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসলেও কোনো সমাধান হয়নি।
গত ২৯ মার্চ চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দুর্ঘটনায় চুয়েট শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামের মৃত্যুর পর থেকে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আট দফা দাবিতে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন চলার সময় গত রোববার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী অটল ভৌমিককে নাজেহাল করার অভিযোগ ওঠে চুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক আশুতোষ সাহার বিরুদ্ধে। এরপর থেকে তাঁর পদত্যাগ দাবি শুরু করেন শিক্ষার্থীরা। এসব দাবি মানার জন্য শিক্ষার্থীরা গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাঁর কক্ষে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
গতকাল বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বেলা সোয়া ১১টার দিকে উপাচার্যের সম্মেলনেকক্ষে প্রায় ৩০ জন আন্দোলনরত শিক্ষার্থীর সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম ছাড়াও আলোচনায় উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মো. রফিকুল আলম, রেজিস্ট্রার ফারুক-উজ-জামান ও সহকারী ছাত্রকল্যাণ পরিচালক মইনুল ইসলাম।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, গতকাল মূল চারটি দাবি নিয়ে আলোচনা হয়েছে। দাবিগুলো হলো দুর্ঘটনার জন্য দায়ী চালকের গ্রেপ্তার, চট্টগ্রাম শহর থেকে চুয়েট পর্যন্ত বিআরটিসির পাঁচটি বাস সার্ভিস চালু, একই রুটে ৬ নম্বর বাস বা সিটি/মিনিবাস চালু এবং ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহার পদত্যাগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি মানার জন্য ১০ দিন সময় চেয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে আসার আহ্বান জানান। কিন্তু শিক্ষার্থীরা দাবি না মানা পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্তে অটল থাকেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রকল্যাণ পরিচালক মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের জন্য ৪ এপ্রিল চট্টগ্রাম বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সমিতিকে যৌথ আলোচনার আমন্ত্রণ জানানো হয়। তবে তারা আসেনি। তারপরও আলোচনার চেষ্টা করা হচ্ছে। এ জন্য কিছুদিন সময় প্রয়োজন।
এ বিষয়ে শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া অটল ভৌমিক বলেন, ‘চারটি দাবির সবগুলো সম্পূর্ণভাবে মেনে না নেওয়া পর্যন্ত ক্লাসে ফিরব না। কর্তৃপক্ষের যদি দাবি মানতে ১০ দিন সময় লাগে, তাহলে এই কদিন ক্লাস-পরীক্ষাও বন্ধ থাকবে। একই সঙ্গে আমাদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিও চলবে।’
শিক্ষার্থীদের দাবি সম্পর্কে চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলমবলেন, ‘শিক্ষার্থীদের দাবি মেনে নিতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। একাডেমিক কার্যক্রম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য তাদের বারবার ক্লাসে ফেরার জন্য আহ্বান জানানো হচ্ছে।’