চেইন টেনে ট্রেন থামানো বন্ধে অভিযান চলছে
চেইন টেনে অবৈধভাবে ট্রেন থামানো বন্ধের জন্য অভিযান শুরু করেছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ (জিআরপি)। চোরাচালানি ও দুষ্কৃতকারীরা মাদক ব্যবসাসহ অন্যান্য অবৈধ কাজের জন্য এভাবে ট্রেন থামায়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়ে। গত ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ওই অভিযান।
পশ্চিমাঞ্চল রেলের একটি সূত্রে জানা গেছে, ১৭ ডিসেম্বর সৈয়দপুর থেকে ঢাকামুখী বিলাসবহুল নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে ১৮ বার চেইন টেনে (এসিপুল) থামানো হয়। রেলওয়ের প্রধান পরিচালন তত্ত্বাবধায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, ওই দিন এসিপুলের কারণে দ্রুতগতির ট্রেনটি এক ঘণ্টা দেরিতে গন্তব্যে (ঢাকা) পৌঁছায়। এ ঘটনায় রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়ে।
রেল সূত্রমতে, কেবল নীলসাগর নয়, চোরাকারবারিরা ন সীমান্তবর্তী স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় অবৈধভাবে ট্রেন থামিয়ে দিচ্ছে। চোরাচালানি চক্র অবৈধ পণ্য ট্রেনে পরিবহনের সুযোগ করতেই এমনটি করছে। এতে করে পশ্চিমাঞ্চল রেলের প্রতিটি ট্রেনই সময় ধরে চলতে পারছে না। এ কারণে বিলম্বিত হচ্ছে ট্রেন চলাচল।
ট্রেনে চেইন টানার ঘটনাটি পুলিশের রেল রেঞ্জের নজরে এলে উপমহাপরিদর্শক (ডিআইজি) মল্লিক ফখরুল ইসলাম সৈয়দপুর রেলওয়ের জেলা পুলিশ সুপারকে এ-সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী ২৭ ডিসেম্বর সৈয়দপুর থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে সান্তাহার জিআরপি থানার উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। রাতে নাটোরের আউটার সিগন্যাল অতিক্রমের সময় চেইন টেনে ট্রেন থামানোর অপরাধে হাতেনাতে ধরা পড়েন পাবনার ঈশ্বরদী উপজেলার মনির হোসেন নামের এক ব্যক্তি। বগুড়ার আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন ওই অপরাধীকে ৫০০ টাকা জরিমানা করেন।
সৈয়দপুর রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ জানান, ট্রেনে ট্রেনে চেইন টানার ঘটনা আমাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে। ওপরের নির্দেশে এখন থেকে নিয়মিত অভিযান চালাবে জিআরপি। এ-সংক্রান্ত পশ্চিমাঞ্চলের তিনটি রেলওয়ে থানাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান বলেন, ‘চেইন টেনে ট্রেন থামানো একটা বড় অপরাধ। অপরাধীদের ধরতে আমরা তৎপরতা অব্যাহত রেখেছি।’