চেক জালিয়াতি: সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ দুপুরে গোপালপুর রেলগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মামলার বাদী এমরান হোসেন ও বিবাদী দেলোয়ার একসঙ্গে ঠিকাদারি ব্যবসা করতেন। ব্যবসায়িক লেনদেন করতে গিয়ে দেলোয়ার সাড়ে ১৩লাখ টাকার একটি চেক এমরানকে দেন। কিন্তু তাঁর অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকা না থাকায় এমরান চেক জালিয়াতির অভিযোগে মামলাটি করেন।

লালপুর থানা সূত্রে জানা যায়,উপজেলার কেশবপুর গ্রামের দেলোয়ার হোসেন সাজাপ্রাপ্ত বলে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৪ সালের মার্চ মাসে নাটোরের দায়রা জজ তাঁকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ১৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোসেন প্রায় দুই বছর ধরে পলাতক ছিলেন। তাঁর অনুপস্থিতিতে আদালত সাজা দেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী জানান, দেলোয়ার হোসেন উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক। আর মামলার বাদী এমরান হোসেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।