চেক জালিয়াতির মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার
চেক জালিয়াতের অভিযোগে হওয়া একটি মামলায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন তরফদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সরোয়ার হোসেন তরফদার গত জুন মাসে জামালপুর শহরের এনামুল হকের কাছে চেক দিয়ে ৩৫ হাজার টাকা ধার নেন। পরে এনামুল হক ওই চেক নিয়ে নির্ধারিত সময় ব্যাংকে গিয়ে দেখেন, তাঁর (প্রধান শিক্ষক) হিসাব নম্বরে টাকা নেই। এ ঘটনায় গত ২০ জুন এনামুল হক তাঁর বিরুদ্ধে জামালপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে চেক জালিয়াতির মামলা করেন। ১৪ আগস্ট আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ সরিষাবাড়ী থানায় আসে। তারাকান্দি তদন্তকেন্দ্রের পুলিশ গত শনিবার রাতে তারাকান্দি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ইলাহী আখন্দ প্রধান শিক্ষক সারোয়ার হোসেন গ্রেপ্তার হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইদ্রিস হোসাইন বলেন, ওই শিক্ষককে গ্রেপ্তার করে গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।