চেতনানাশক খাইয়ে ধর্ষণ, তিন আসামির স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে অচেতন করে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শনিবার দুপুরে মহানগর হাকিমের কাছে তাঁরা ওই জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনজনই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

শনিবার বেলা ১১টার দিকে ওই তিন আসামিকে বরিশাল মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসামি রায়হান উল ইসলাম ওরফে রাব্বী গাজী, মানিক শেখ এবং সাইফুল ইসলাম পৃথকভাবে মহানগর হাকিম আনিছুর রহমানের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, জবানবন্দিতে তিন আসামিই তাঁদের দোষ স্বীকার করেছেন।

এদিকে এই ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শুক্রবার রাতে নিজাম উদ্দিন নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে।

গতকাল শুক্রবার সকালে বিএম কলেজের সামনের একটি ছাত্রাবাসে (মেস) সহপাঠী ও বন্ধু সরকারি হাতেম আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ইমতিয়াজ হোসেনের কাছে নোট নিতে যান কাশীপুর এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। দুপুর ১২টার দিকে রাব্বী মল্লিক ও তাঁর সহযোগী মানিক ওই ছাত্রীকে কলেজ সড়কের পাশে সিকদার ভিলা নামের আরেকটি ছাত্রাবাসে জোর করে তুলে নিয়ে যান। সেখানে সাইফুলের কক্ষে নিয়ে মেয়েটিকে চেতনানাশক পান করিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। পরে ওই ছাত্রীকে বিএম কলেজের বিপণন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাইফুল ইসলামের জিম্মায় রেখে পালিয়ে যান রাব্বী ও মানিক। পরে সাইফুলও মেয়েটিকে ধর্ষণ করেন।

বিষয়টি এই ছাত্রীর বন্ধু ও সহপাঠী ফোন করে কোতোয়ালি মডেল থানা পুলিশকে জানালে পুলিশ ওই মেসে গিয়ে মেয়েটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। এ সময় সেখান থেকে সাইফুলকে আটক করে পুলিশ। পরে বিকেলে বিএম কলেজ এলাকা থেকে রাব্বী ও নগরের বিসিক এলাকা থেকে তাঁর সহযোগী মানিককে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই দিন রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন।