চেতনানাশক খাইয়ে শ্রমিককে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলায় মঙ্গলবার দিবাগত রাতে চেতনানাশক খাইয়ে পাটকলের এক শ্রমিককে (২০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে তিনি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালে ওই নারী গতকাল দুপুরে সাংবাদিকদের বলেন, তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার একটি পাটকলে শ্রমিকের কাজ করতেন। সেখানে মাদারীপুরের শিবচর এলাকার মুক্তার খান (৩৫) নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। মুক্তার তাঁকে বিদেশে পাঠাতে চেয়েছিলেন। এই সূত্রে তাঁর সঙ্গে মাঝেমধ্যে যোগাযোগ হতো। সম্প্রতি তিনি (নারী) রাজবাড়ী সদরের মিজানপুর ইউনিয়নের একটি এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। একই বাড়ির আরেক কক্ষে রায়হান নামে একজন গৃহশিক্ষক থাকেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুক্তার খান এক সহযোগীকে নিয়ে তাঁর বাসায় আসেন। তাঁরা হোটেল থেকে মাংস, খিচুড়ি ও কোমল পানীয় কিনে আনেন। রায়হানসহ সবাই একসঙ্গে রাতে খাওয়া-দাওয়া সারেন। এরপর রায়হান নিজের কক্ষে চলে যান। এর কিছুক্ষণ পরই তিনি (নারী) অচেতন হয়ে পড়েন। এরপর মুক্তার খান ও তাঁর সহযোগী তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান। স্থানীয় লোকজন সকালে তাঁকে ও রায়হানকে অচেতন অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

গৃহশিক্ষক রায়হান বলেন, ওই খিচুড়ি, মাংস ও কোমল পানীয় খেয়ে তাঁর পেটব্যথা শুরু হয়। এরপর নিজের কক্ষে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি অচেতন হয়ে যান।

রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশীল কুমার রায় বলেন, ওই নারী হাসপাতালের একজন নারী চিকিৎসকের অধীনে ভর্তি আছেন। তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হবেন তাঁরা।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া বলেন, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি। তবে বিষয়টির খোঁজ নিতে থানার একজন উপপরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। প্রকৃত ঘটনা জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।