আ. লীগের নেতাকে অজ্ঞান করে গলা কেটে হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামসুল ইসলামকে মদ পান করানোর পর নাকে চেতনানাশক চেপে ধরে অজ্ঞান করা হয়। এরপর গলা কেটে তাঁকে হত্যা করা হয়।

আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এভাবেই হত্যার বর্ণনা দেন সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া বদিউজ্জামান ওরফে বদি (৪০)।

আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধুনট উপজেলার রাঙামাটি গ্রামের বাসিন্দা বদিউজ্জামান বলেন, তিনিসহ মোট পাঁচজন পরিকল্পনা থেকে শুরু করে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন। তিনি বলেন, হত্যার পর যে ১৪ জনকে আসামি করে মামলা করা হয়েছিল, প্রকৃতপক্ষে তাঁদের কেউই এ খুনের সঙ্গে জড়িত নন। জবানবন্দি শেষে বদিউজ্জামানকে কারাগারে পাঠানো হয়।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি শামসুল ইসলাম খুন হন। এ ঘটনার পর ১৪ জনকে আসামি করে ধুনট থানায় মামলা করা হয়। মামলায় প্রথম আলোর ধুনট প্রতিনিধি মাসুদ রানাকেও আসামি করা হয়। মাসুদ রানার অভিযোগ, বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশের জের ধরে তাঁকে হয়রানি করতেই আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতার যোগসাজশে তাঁকে এ মামলায় জড়ানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির উপপরিদর্শক (এসআই) খন্দকার আবদুর রহমান বলেন, শামসুল ইসলাম হত্যাকাণ্ডের পর তাঁর ছোট ভাই শাহিন বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন। প্রথমে পুলিশ মামলাটি তদন্ত করে। পরে আদালতের নির্দেশে তদন্তভার সিআইডিকে দেওয়া হয়।

খন্দকার আবদুর রহমান আরও বলেন, কিছু তথ্য-প্রমাণের ভিত্তিতে গত ৪ আগস্ট শামসুল ইসলামের প্রতিবেশী বদিউজ্জামানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে বদিউজ্জামান হত্যার বর্ণনা দেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন।

এরপর গত ৫ আগস্ট বগুড়ার বিচারিক হাকিম আবদুল্লাহ আল মামুনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বদিউজ্জামান বলেন, শামসুল ইসলামের জামাতা মাসুদ ও ছোট ভাই শাহিনের সঙ্গে ৯০ শতক জমি নিয়ে তাঁর (বদিউজ্জামান) ছোট ভাইয়ের শ্বশুর আজিজার রহমানের বিরোধ চলছিল। তিনি বিরোধ মীমাংসার চেষ্টা করেছিলেন। এর জের ধরে শামসুল ইসলাম তাঁর বাড়িতে এসে তাঁকে চড়-থাপড় মারেন এবং হত্যার উদ্দেশে দা দিয়ে কোপান। এর প্রতিশোধ নিতে তিনি শামসুলকে হত্যার পরিকল্পনা করেন।

জবানবন্দিতে বদিউজ্জামান আরও বলেন, হত্যার আগে তিনি তাঁর ছেলে মুকুলের সঙ্গে পরামর্শ করেন। শামসুলকে হত্যা করতে মুকুল প্রতিবেশী রিকশাচালক শান্তি এবং পশ্চিম কান্তনগর গ্রামের জাহাঙ্গীর ও লিটনকে ঢাকা থেকে ডেকে আনেন। পরিকল্পনা অনুযায়ী ওই তিনজন ঢাকা থেকে আসার সময় এক বোতল মদ ও চেতনানাশক সঙ্গে আনেন।

এরপর চলতি এ বছরের ৮ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে গ্রামের পাশে খোকশাহাটার কাছে মুকুলসহ চারজন শামসুলের সঙ্গে মদ পান করেন। এ সময় তাঁরা শামসুলের নাকে চেতনানাশক চেপে ধরলে তিনি অজ্ঞান হয়ে যান। পরে চারজনে মিলে ছুরি দিয়ে গলা কেটে ও পেটে ছুরি মেরে শামসুলকে হত্যা করে লাশ একটি কালভার্টের কাছে ফেলে রাখেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, হয়রানির উদ্দেশ্যেই এই হত্যা মামলায় নিরীহ ১৪ জনকে ফাঁসানো হয়েছে। বদিউজ্জামানের স্বীকারোক্তির মাধ্যমে হত্যা রহস্য উন্মোচিত হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্য চার অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব দ্রুতই এই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।