চেয়ারম্যান আতিকুরের রিমান্ড চেয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেওয়ান আতিকুর রহমান
দেওয়ান আতিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় দায়ের মামলায় গ্রেপ্তার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিনের আদালতে গতকাল শুক্রবার দুপুরে তাঁকে হাজির করে এ আবেদন করা হয়।
জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. মাহবুবুর রহমান বলেন, শুক্রবার বন্ধের দিন হওয়ায় আদালত খোলার পরই রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি হবে। আতিকুরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নাসিরনগরে হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন আতিকুরকে গত বৃহস্পতিবার ঢাকার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, তদন্তে নাসিরনগরে হামলার ঘটনায় আতিকুরের সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ পুলিশের কাছে রয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কয়েকজনের নাম বলেছেন। তদন্তের স্বার্থে নামগুলো বলা যাচ্ছে না।