চেয়ারম্যান একরাম হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একরামুল হক। ফাইল ছবি
একরামুল হক। ফাইল ছবি

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মো. ইউছুপ ভুইঞা ওরফে টপ শামীম (২২) নামের ওই আসামিকে র‌্যাব গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করে।

মো. ইউছুপ ভুইঞা ফেনী পৌরসভার বিরিঞ্চি গ্রামের কবির মিস্ত্রির ছেলে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা গতকাল রাত ১০টার দিকে মো. ইউছুপ ভুইঞা ওরফে টপ শামীমকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর তিন সহযোগী ওমর ফারুক, তানভীর হোসেন ও আবুল হোসেনকে আটক করা হয়।

চেয়ারম্যান একরাম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী সদর মডেল থানার পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তার মো. ইউছুপ ভুইঞা ওরফে টপ শামীম এ মামলার অভিযোগপত্রভুক্ত ২০ নম্বর আসামি। চেয়ারম্যান একরাম হত্যার ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গত ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা চেয়ারম্যান একরামের গাড়ির গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করে। এ হত্যার ঘটনায় পুলিশ তদন্ত শেষে ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগপত্রভুক্ত আসামি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল এবং ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম মিস্টারসহ ২৭ জন এখনো পলাতক রয়েছেন।