চেয়ারম্যান একরাম হত্যা মামলায় দুই নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারা আত্মসমর্পণ করলেন ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় অভিযুক্ত আসামি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির আদেল এবং যুবলীগ নেতা জিয়াউল আলম ওরফে মিস্টার আজ সোমবার আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁরা এত দিন পলাতক ছিলেন। পরে ফেনীর বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকী তাঁদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

জাহাঙ্গীর কবির ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়াউল আলম ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

গত ২০ মে বেলা ১১টার দিকে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা চেয়ারম্যান একরামের গাড়ির গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে ।

এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপির স্থানীয় নেতা মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চেয়ারম্যান একরাম হত্যার ঘটনার ১০০ দিনের মাথায় পুলিশ তদন্ত শেষে গত ২৮ আগস্ট ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে গত বছরের ১২ নভেম্বর ওই অভিযোগপত্র আমলে নেন আদালত।

ইতিমধ্যে অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা ৩৩ জনকে গ্রেপ্তার করেছে। পলাতক ২৩ জনের মধ্যে আজ দুইজন আত্মসমর্পণ করলেন।