চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এক সদস্যের বিরুদ্ধে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাস ও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মনোরঞ্জন রায় যোগসাজশে ঈদ উপলক্ষে দেওয়া ৩০ জন দুস্থ ব্যক্তির ৩০০ কেজি চাল আত্মসাৎ করেছেন বলে এই দুস্থ ব্যক্তিরা অভিযোগ করেছেন।
সুন্দলী ইউপি সূত্র জানায়, ঈদ উপলক্ষে ইউনিয়নের দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য ভিজিএফের ৫৪১ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চাল বরাদ্দ দেওয়া হয়। প্রত্যেক দুস্থর ১০ কেজি করে চাল পাওয়ার কথা। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মানিক চন্দ্র মণ্ডলকে ইউনিয়নের তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সূত্র জানায়, তদারকি কর্মকর্তার উপস্থিতিতে গত ১২, ১৩ ও ১৪ জুলাই এসব চাল বিতরণ করা হয়। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের (আড়পাড়া ও রাজাপুর গ্রাম) ৩৩৮ দুস্থ ব্যক্তির মধ্যে ১৪ জুলাই ৩ হাজার ৩৮০ কেজি চাল বিতরণ করা হয়। এরপর চেয়ারম্যান ২০ জুলাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে চাল বিতরণের মাস্টাররোল জমা দেন। মাস্টাররোলে ওয়ার্ডের তালিকাভুক্ত সব দুস্থ চাল পেয়েছেন বলে দেখানো হয়েছে। দুস্থ ব্যক্তিদের শনাক্তকারী হিসেবে চেয়ারম্যান ও চাল বিতরণকারী হিসেবে ওই সদস্যের সই রয়েছে মাস্টাররোলে। অভিযোগ উঠেছে, চেয়ারম্যান ও সদস্য যোগসাজশে ওয়ার্ডের ৩০ জন দুস্থ ব্যক্তির ৩০০ কেজি চাল আত্মসাৎ করে তাঁদের নামের পাশে ভুয়া টিপসই দিয়ে মাস্টাররোল জমা দিয়েছেন। মাস্টাররোলে চাল না পাওয়া দুস্থ ব্যক্তিদের নামের পাশে ক্রস চিহ্ন দেওয়া আছে।
দুস্থ ব্যক্তিদের নামের তালিকা ধরে ২৫ ও ২৬ জুলাই সরেজমিনে আড়পাড়া ও রাজাপুর গ্রামে গিয়ে কয়েকজন দুস্থ ব্যক্তির সঙ্গে কথা হয়। তাঁরা অভিযোগ করেন, ৩ নম্বর ওয়ার্ডের ৩০ জন দুস্থ ওই চাল পাননি। রাজাপুর গ্রামের প্রমীলা রায় স্বামী অলোক রায়কে নিয়ে প্রায় দেড় মাস আগে ভারতে গেছেন। মাস্টাররোলে তাঁর টিপসই দিয়ে ভিজিএফের ১০ কেজি চাল ওঠানো হয়েছে। প্রমীলার বাড়িতে গিয়ে ঘরে তালা ঝুলতে দেখা গেছে। প্রতিবেশী তপন রায় বলেন, ‘প্রমীলা ও তাঁর স্বামী অলোক রায় প্রায় দেড় মাস আগে ভারতে গেছেন। এখনো ফেরেননি।’
মাস্টাররোলে ঠাকুর বকশী নামে একজন ১০ কেজি চাল পেয়েছেন। কিন্তু গ্রামটিতে ঘুরে ঠাকুর বকশী নামের কাউকে পাওয়া যায়নি। গ্রামের হরিদাস বকশী বলেন, ‘আমি কোনো চাল পাইনি। শুনেছি আমার টিপসই দিয়ে চেয়ারম্যান ও মেম্বার চাল তুলে দিয়েছেন।’ গ্রামের দেবেন মণ্ডল, হরিদাস বকশী, সমেশ বকশী ও তপন রায় টিপসই দিয়ে চাল তুলেছেন বলে মাস্টাররোলে দেখানো হয়েছে। তাঁরা অভিযোগ করেন, তাঁদের নাম তালিকায় আছে বলে তাঁরা জানতেন, অথচ ভিজিএফের কোনো চাল পাননি। আড়পাড়া গ্রামের অশোক মণ্ডল বলেন, ‘তালিকায় আমার নাম আছে বলে শুনেছি। তবে আমি কোনো চাল পাইনি।’ গ্রামের প্রদীপ ধর, শিপুল মণ্ডল ও আদিত্য সরকারের নাম মাস্টাররোলে থাকলেও তাঁরা কোনো চাল পাননি বলে জানান।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মানিক চন্দ্র মণ্ডল বলেন, ‘তদারকি কর্মকর্তা হিসেবে তালিকাভুক্ত দুস্থ ব্যক্তিদের সবাই সঠিক পরিমাণে চাল পাচ্ছেন কি না, এই বিষয়টি আমার দেখার দায়িত্ব। নিয়মানুযায়ী চেয়ারম্যান দুস্থ ব্যক্তিদের শনাক্ত ও মেম্বার তাঁদের মধ্যে চাল বিতরণ করবেন। আমার তাঁদের কাউকে চেনার কথা নয়।’ তিনি বলেন, ‘ওয়ার্ডের সবাই চাল পেয়েছেন। তবে মাস্টাররোলে কোনো দুস্থ ব্যক্তির নামের পাশে ক্রস চিহ্ন ছিল না। পরে এটা দেখে আমি কিছুটা অবাক হয়েছি। এটা কে দিয়েছে, তা আমি জানি না।’
ইউপি সদস্য মনোরঞ্জন রায় বলেন, ‘আমার ওয়ার্ডে দুস্থ ব্যক্তিদের মধ্যে চেয়ারম্যান নিজেই ভিজিএফের চাল বিতরণ করেছেন। তবে আমি মাস্টাররোলে সই করেছি। একটি মাস্টাররোলে আমার সই ছিল না। ২১ জুলাই বিকেলে চেয়ারম্যান আমার বাড়িতে এসে সেই মাস্টাররোলে সই করিয়ে নিয়ে গেছেন। সেই সময় তিনি আমাকে ৩০ জন দুস্থ ব্যক্তির নাম কেটে দিতে অনুরোধ করেছিলেন। আমি তাতে রাজি হইনি। আমার চাল আত্মসাতের কোনো প্রশ্নই ওঠে না।’
ইউপি চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাস বলেন, ‘ওয়ার্ড মেম্বার তালিকা ও স্লিপ দিয়েছেন। সেই অনুসারে ট্যাগ অফিসারের (তদারকি কর্মকর্তা) উপস্থিতিতে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। যদি কেউ চাল পেয়ে না থাকে, তার দায়দায়িত্ব সেই ওয়ার্ড মেম্বারের।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মেহনাজ বলেন, ‘অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’