চেয়ারম্যান বেচলেন অর্ধশত গাছ
রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাতাবুর রহমান রাস্তার পাশের অর্ধশত সরকারি গাছ বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া পাওয়া গেছে।
সাত-আটজন প্রত্যক্ষদর্শী জানান, গত রোববার সকালে আবদুস সালাম নামের একজনের নেতৃত্বে একদল শ্রমিক উপজেলার ভবানীগঞ্জ-কামারপাড়া সড়কের হাটগাঙ্গোপাড়া এলাকায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লাগানো শিশু, কড়ই ও বাবলা গাছগুলো কাটা শুরু করেন। বিকেলের মধ্যে তাঁরা সড়কের অর্ধশত গাছ কেটে ফেলেন। এরপর সেগুলো ট্রলি, ভটভটি ও অটোভ্যানে ভরে দ্রুত সরিয়ে ফেলেন। এ সময় স্থানীয় কয়েকজন বাধা দিলেও তাঁরা শোনেননি। তবে শ্রমিকেরা উপস্থিত লোকজনকে জানিয়েছেন, আউচপাড়া ইউপি চেয়ারম্যানের কাছ থেকে অর্ধশত গাছ কিনে নেওয়া হয়েছে। পরে লোকজন মুঠোফোনে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান।
আবদুস সালাম জানান, তিনি আউচপাড়া চেয়ারম্যানের কাছ থেকে ২৪টি গাছ কিনে সেগুলো কেটে নিয়েছেন।
ইউপি চেয়ারম্যান মাহাতাবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গাছ বিক্রির কথা স্বীকার করেন। ইউএনওর কাছ থেকে অনুমতি নিয়ে গাছ বিক্রি করেছেন বলে দাবি করেন তিনি।
ইউএনও তরিকুল ইসলাম গাছ কাটার অনুমতি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘যে গাছগুলো উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিক্রি করা হয়েছিল, সেগুলো আগেই কাটা হয়েছে। নতুন করে এসব গাছ কাটার জন্য মামলার প্রক্রিয়া শুরু করা হয়েছে।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন জানান, ইউএনওর নির্দেশে সেখানে লোক পাঠানো হয়েছিল। চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার প্রমাণ মিলেছে। কর্তৃপক্ষ তাঁকে (চেয়ারম্যান) গাছ কাটা বা বিক্রির কোনো অনুমতি দেয়নি। গাছ বিক্রি করার চেয়ারম্যানের কোনো এখতিয়ারও নেই।
এর আগেও মাহাতাবুর রহমানের সহযোগিতায় ৪৪টি গাছ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কিনে ৩০০টি কেটে ফেলা হয়। এ নিয়ে ১ ডিসেম্বর প্রথম আলোয় ‘দরপত্রে কেনা ৪৪টি, কাটা হলো ৩০০’ শিরোনামে সংবাদ ছাপা হয়।
এদিকে স্থানীয় সাংসদ এনামুল হক গত বুধবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় গাছ কাটার বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। সাংসদ তাঁদের দল বিবেচনা না করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।