চেয়ারম্যানকে অতিথি না করায় অনুষ্ঠান বন্ধ
উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসমাইল হককে প্রধান অতিথি না করায় তাঁর সমর্থকেরা শরীয়তপুরের নড়িয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদ কর্নেল (অব.) শওকত আলীর উপস্থিতিতে গতকাল শনিবার এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
ইসমাইল হক শরীয়তপুর জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের ছোট ভাই।
অভিযোগের বিষয়ে গতকাল যোগাযোগ করা হলে ইসমাইল হক প্রথম আলোকে বলেন, ‘এ রকম কোনো বিষয় আমি জানি না। আমি কাউকে পাঠাইনি। এখন আমি ঢাকায় অবস্থান করছি। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখব।’
বিদ্যালয়সূত্রে জানা যায়, নড়িয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ৩৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল শনিবার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সাংসদ শওকত আলীর। উদ্বোধন করার কথা ছিল বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদের স্ত্রী মাজেদা শওকত আলীর। সে অনুযায়ী বিদ্যালয় কর্তৃপক্ষ দাওয়াতপত্র বিলি করে। দাওয়াতপত্রে ইসমাইল হকের নাম না থাকায় তাঁর সমর্থকেরা ক্ষুব্ধ হন। শুক্রবার বিদ্যালয়ের মাঠে সাজসজ্জার কাজ চলছিল। ছাত্রীরা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া দিচ্ছিল। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী ও মোক্তারের চর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌকিদারের নেতৃত্বে ১৫-২০ জন বিদ্যালয়ে গিয়ে সাজসজ্জার কাজ বন্ধ করে ছাত্রীদের বিদ্যালয় থেকে বের করে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সাংসদকে প্রধান অতিথি করা হয়েছে। বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ভালোভাবে নেননি। ভাইস চেয়ারম্যান জাকির বেপারী ও স্থানীয় আওয়ামী লীগের নেতা শাহ আলম চৌকিদারের নেতৃত্বে কয়েকজন লোক এসে হুমকি দিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন। তাঁরা সাংসদকে বাদ দিয়ে চেয়ারম্যানকে প্রধান অতিথি করে তিন দিনের মধ্যে পুনরায় অনুষ্ঠান আয়োজন করার জন্য হুমকি দেন।
মাজেদা শওকত আলী বলেন, ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সাংসদ শওকত আলীকে অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছিল। অতিথি না হতে পেরে উপজেলা পরিষদের চেয়ারম্যান সন্ত্রাসী কায়দায় অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছেন।
বিদ্যালয়ে যাওয়ার কথা স্বীকার করলেও অনুষ্ঠান বন্ধ করে দেওয়া ও চেয়ারম্যানকে প্রধান অতিথি করার নির্দেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী। তিনি দাবি করেন, চেয়ারম্যানকে অনুষ্ঠানের দাওয়াত দেওয়া হয়নি—এই বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে সেখানে গিয়েছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবস্থাপনা কমিটির সভাপতি দাওয়াত দিতে নিষেধ করেছেন।
সাংসদ শওকত আলী বলেন, ‘বিদ্যালয়টি আমি প্রতিষ্ঠা করেছি। ৩০ বছরেরও বেশি সময় ধরে আমি এই এলাকার এমপি। বিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে প্রধান অতিথি হওয়ার প্রস্তাব দিলে আমি সম্মত হই। সেই অনুযায়ী দাওয়াতপত্র বিলি করা হয়। নড়িয়ায় একটি মহল উপজেলা পরিষদের নির্বাচনের পর থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা জামায়াত-বিএনপিকে সঙ্গে নিয়ে দলীয় নেতা-কর্মীদের অপমান-অপদস্ত করছে। তারা অনেক সময় আমার কার্যক্রমে বাধার সৃষ্টি করে।’