চেয়ারম্যানের নেতৃত্বে হামলা?
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমানের নেতৃত্বে ভেলামারী গ্রামে প্রতিপক্ষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।
গত রোববার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চিকিৎসা নিতে চেয়ারম্যানের লোকজন বাধা সৃষ্টি করেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। এ নিয়ে উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।
হামলায় আহত ব্যক্তিরা হলেন নাজমুল হাছান (১৮), নজরুল ইসলাম (৩৮), উমর ফারুক (২৪), পিয়াস (১৫), সুজন মিয়া (৩৫), কালাম (৩৫) ও বিপ্লব (২০)। তাঁরা সবাই ভেলামারী গ্রামের।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে এলাকার একটি সালিস বৈঠকে স্থানীয় ব্যবসায়ী আবুল হাসেমের সঙ্গে ইউপি চেয়ারম্যান ও তাঁর লোকজনের কথা-কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে আবুল হাসেমকে চেয়ারম্যানের মামাতো ভাই কড়ইচড়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদুর রহমান দেখে নেওয়ার হুমকি দেন। এর জের ধরে রোববার সন্ধ্যার দিকে চেয়ারম্যানের নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ভেলামারী গ্রামের মিলন বাজারের আবুল হাসেমের দোকানে হামলা চালায়। আত্মরক্ষার জন্য তিনি ওই গ্রামের মজিবর রহমানে বাড়িতে আশ্রয় নেন। চেয়ারম্যানের লোকজন মজিবরের বাড়ি ও তাঁর মুরগির খামারেও হামলা চালায় এবং লুটপাট করে। তাদের বাধা দিতে গেলে হামলাকারীরা সাতজনকে মারধর করে। এতে তাঁরা আহত হন। আহত ব্যক্তিরা আবুল হাসেমের প্রতিবেশী ও স্বজন। আহত অবস্থায় ওই সাতজনকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে গেলে চেয়ারম্যানের লোকজন রাস্তায় বাধা দেয়। ফলে তাঁদের চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।
আবুল হাসেম বলেন, ‘গত জুনে ইউনিয়নে হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের গ্রামীণ অবকাঠামো সংস্কারের টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যান কোনো কাজ না করে সব টাকা আত্মসাৎ করেন। তা ছাড়া চেয়ারম্যান অপ্রাপ্তবয়স্ক একটি মেয়েকে বিয়ে করেন। এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তিনি আমাকে হুমকি দিয়ে আসছিলেন। এরই জের ধরে সালিসের ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যানের নেতৃত্বে তাঁর লোকজন আমার ওপর হামলা চালায়।’
চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, ‘আমি কোনো অনিয়ম-দুর্নীতি করি না। আবুল হাসেম ও তাঁর লোকজনই আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। আমার ওপর হামলার ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে তাঁর ওপর হামলা করে থাকতে পারে। সে সময় আমি থানায় ছিলাম।’ প্রতিপক্ষের আহত লোকজনকে হাসপাতালে যাওয়ার সময় বাধা দেওয়ার বিষয়টিও তিনি অস্বীকার করেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপদ মণ্ডল গতকাল সোমবার বলেন, রোববার সন্ধ্যার দিকে মিলন বাজারে এক পক্ষের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। উভয় পক্ষই ক্ষমতাসীন দলের লোকজন। দুপক্ষই থানায় অভিযোগ দিয়েছে। ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হচ্ছে। তাই মামলা রেকর্ড করা হয়নি।