চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে হওয়া মামলায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। গতকাল সোমবার ওই তদন্ত শুরু করে দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২ ডিসেম্বর রাতে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ওয়াহেদুজ্জামান বাদশা ভিজিএফের ৪ হাজার ৮০০ কেজি চাল বিক্রি করার সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানায়। পরে ইউএনও ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে লিখিত অভিযোগ দিতে বলেন এবং ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেন। এ ঘটনায় এলাকাবাসী পরে ইউএনওর কাছে অভিযোগ দেন। অভিযোগ তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় ইউপি সদস্য আবদুল মালেক গত ১ এপ্রিল বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে দিনাজপুর জেলা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলা করেন।
দিনাজপুর দুদক কার্যালয়ের উপপরিচালক আবদুল করিম জানান, জেলা ও দায়রা জজ আদালতের মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে দুদক কার্যালয়কে নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী ঘটনা তদন্ত করতে দুদকের একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।