চেয়ারম্যানের বিরুদ্ধে পুকুর লিখিয়ে নেওয়ার অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে উপজেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন একটি পুকুর নিজেদের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে এলাকাবাসী পুকুরটি জালিয়াত চক্রের হাত থেকে উদ্ধার করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।
উপজেলা প্রশাসন, ভূমি কার্যালয় ও এলাকাবাসী সূত্র জানায়, প্রায় সাড়ে ১০ বিঘা আয়তনের পুকুরটি উপজেলা পরিষদ সৃষ্টির পর থেকে পরিষদের নিয়ন্ত্রণেই থেকেছে। পরিষদ তিন বছর মেয়াদে পুকুরটি ইজারা দিয়ে আসছে। ২০১৩ সালে সিরাজগঞ্জ জজ আদালতের ট্রাইব্যুনালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল হক এবং তাঁর আত্মীয় মোশারফ হোসেন ও আবদুল হাকিম পুকুরটির মালিকানা দাবি করে মামলা করেন। সম্প্রতি আদালত তাঁদের পক্ষে রায় দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর সদর উপজেলা ভূমি তহসিল কার্যালয় থেকে ওই তিনজনের নামে পুকুরটি নামজারি করে কাগজপত্র প্রদান করা হয়। গতকাল শনিবার বিষয়টি প্রকাশ হওয়ার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে স্থানীয় সাংসদের কাছে তাঁরা পুকুরের মালিকানা বাতিল ও সরকারি বিধি মোতাবেক পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বর্তমানে পুকুরটির উপ-ইজারাদার মো. আলামিন বলেন, ২০১৩ সালে তাড়াশ উপজেলা সদরের পূর্বপাড়া এলাকার লিমন হোসেনকে তিন বছরের জন্য পুকুরটি ইজারা দেওয়া হয়। তিনি লিমনের কাছ থেকে ইজারা নিয়ে বর্তমানে মাছ চাষ করছেন। এখনো ইজারার মেয়াদ শেষ হতে সাত মাস বাকি আছে। কিন্তু উপজেলা চেয়ারম্যানের লোকজন পুকুর বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। না হলে তাঁরা পুকুরটি জোর করে দখলে নেবেন বলে হুমকি দিচ্ছেন।
তাড়াশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইউসুব আলী বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে নামজারির নির্দেশ আসায় আদালত-স্বীকৃত ব্যক্তিদের নামে মালিকানার কাগজ দেওয়া হয়েছে।
তাড়াশ উপজেলা চেয়ারম্যান আবদুল হক বলেন, ‘আমার পিতাসহ তিন আত্মীয়ের পূর্বপুরুষেরা জমিদারদের কাছ থেকে পুকুরটির পত্তন নেন। সেই সূত্রে আমরা এটির মালিক। আমরা পুকুরটির মালিকানা চেয়ে ট্রাইব্যুনালে মামলা করি। রায় আমাদের পক্ষে আসায় সরকারপক্ষ আপিল করে। সে আপিলেও সরকার হেরে যায়। এখানে কোনো অনিয়ম হয়নি।’
স্থানীয় সাংসদ ম ম আমজাদ হোসেন বলেন, ‘আদালতে ভুয়া কাগজপত্র উপস্থাপন করে কতিপয় লোক পুকুরটি তাঁদের নামে নিয়েছেন। এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে।’