চেয়ারম্যানের বিরুদ্ধে মিছিল, স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে সরকারি পুকুর নিজেদের নামে লিখে নেওয়ার অভিযোগে গতকাল মঙ্গলবার এলাকাবাসী ফের মিছিল সমাবেশ করেছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কয়েক শ মানুষ সমবেত হয়। তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে তাড়াশ প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশ শেষে স্মারকলিপি দেওয়া হয়।
তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হক এবং তাঁর আত্মীয় মোশারফ হোসেন ও আবদুল হাকিম উপজেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন সাড়ে ১০ বিঘা আয়তনের একটি পুকুরের মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। রায় নিজেদের পক্ষে পেয়ে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের মাধ্যমে গত ২৮ সেপ্টেম্বর তাঁরা পুকুরটির খাজনা খারিজ করে নেন।
বিষয়টি জানাজানি হওয়ায় এলাকার মানুষ এর প্রতিবাদে গত শুক্রবার প্রথম মিছিল করে।
গত শনিবার আবদুল হক বলেন, পুকুরটি তাঁদের পৈতৃক সম্পত্তি। আদালতে মামলায় তাঁরা নিজেদের পক্ষে রায় পেয়েছেন। এ নিয়ে আপিলেও সরকার হেরে গেছে।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান খান বলেন, আদালতের আদেশ থাকায় আবদুল হক ও তাঁর দুই আত্মীয়ের নামে পুকুরটির খাজনা খারিজ করা হয়েছিল।
অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে উচ্চ আদালতে আপিল করার জন্য জেলা প্রশাসকের কাছে গত সোমবার একটি পত্র দেওয়া হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।