চেয়ারম্যানের বিরুদ্ধে ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ না করেই অতিদরিদ্র ব্যক্তিদের জন্য কর্মসংস্থান ও এলজিএসপি কর্মসূচির অধীন বিভিন্ন প্রকল্পের প্রায় ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বেশ কয়েকটি স্থানে ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে। রাজীবপুর সদর ইউপির এক সদস্যের লিখিত অভিযোগ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা ওয়ার্ডের (১, ২ ও ৫ নম্বর ওয়ার্ড) সদস্য চায়না বেগম অভিযোগ করেন, ২০১৩-১৪ অর্থবছরে কর্মসংস্থান কর্মসূচি ও লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) খাতে বরাদ্দকৃত প্রায় ২৯ লাখ টাকা চেয়ারম্যান নুর-ই শাহী আত্মসাৎ করেছেন। এ ছাড়া ভিজিডির তালিকা প্রণয়নে ঘুষ গ্রহণ, বিতরণে ওজনে কারচুপি এবং টিআর ও কাবিখা প্রকল্পে সীমাহীন দুর্নীতি করেছেন।
চায়না বেগম জানান, ইউপি চেয়ারম্যানের এসব অনিয়ম-দুর্নীতির বিষয়ে সংশ্লিষ্ট একাধিক দপ্তরে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তদন্তের উদ্যোগ নিয়েছেন। যদি সুষ্ঠু তদন্ত হয় এবং সরকারি দল প্রভাব বিস্তার না করে, তাহলে প্রতিটি অভিযোগের সত্যতা পাওয়া যাবে।
১৬ এপ্রিল কয়েকটি প্রকল্প এলাকা ঘুরে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মসংস্থান কর্মসূচির আওতায় ‘বালিয়ামারী পশ্চিমপাড়া শহর আলীর পাশে পাকা রাস্তার মোড় থেকে পশ্চিম দিকে চান মিয়া মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তার দুই পাশে ভরাটসহ বাঁশের পাইলিং নির্মাণ’ প্রকল্পে ১ লাখ ২ হাজার ২৩৩ টাকা ব্যয় দেখানো হয়েছে। বাস্তবে ওই প্রকল্পের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা চান মিয়া ও শহর আলী জানান, এখানে কোনো রাস্তা নেই। কোনো কাজ হয়নি।
শহীদুর রহমান নামের অপর এক ব্যক্তি জানান, এই রাস্তাটি ২০ বছর আগে ছিল। এখন কোনো রাস্তা নেই। অথচ রাস্তা ভরাট ও বাঁশের পাইলিং দেখানো হয়েছে। একইভাবে ‘আইড়মারী ব্রিজের পূর্ব-দক্ষিণ দিক হয়ে পাকা রাস্তা পর্যন্ত রাস্তার দুই পাশ ভরাট ও বাঁশের পাইলিং নির্মাণ’ প্রকল্পে ১ লাখ ২ হাজার ২৩৩ টাকা ব্যয় দেখানো হয়েছে। স্থানীয় ব্যক্তিরা জানান, পাঁচ বছরেও এই রাস্তা ভরাট বা বাঁশের পাইলিং করা হয়নি।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে এলজিএসপি-২ প্রথম কিস্তির আওতায় ১ ও ৫ নম্বর ওয়ার্ডে দুস্থ ব্যক্তিদের মাঝে রিং স্ল্যাব বিতরণে ৭০ হাজার এবং ১ নম্বর ওয়ার্ডের দুস্থ ব্যক্তিদের মাঝে বিনা মূল্যে নলকূপ (টিউবওয়েল) বিতরণে এক লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। দ্বিতীয় কিস্তিতে ১ ও ৫ নম্বর ওয়ার্ডে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও নলকূপ বিতরণে দুই লাখ টাকা খরচ করা হয়েছে। এসব বিতরণে কোনো দরপত্র আহ্বান করা হয়নি। ঠিকাদার হিসেবে যাঁকে দেখানো হয়েছে, তাঁর নাম মজনু মিয়া। এই মজনু মিয়া ইউপি চেয়ারম্যানের আপন ছোট ভাই বলে জানা গেছে।
ওই সব ওয়ার্ডের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব তথ্য তাঁরা জানেনই না। সুবিধাভোগী ব্যক্তিদের তালিকায় যাঁদের নাম দেখানো হয়েছে, তাঁরা কিছুই জানেন না।
জাউনিয়ার চর বরাই গ্রামের কৃষক ঝন্টু মিয়ার নামে একটি স্প্রে মেশিন বরাদ্দ হয়েছে। অথচ তিনি কিছুই জানেন না। একই গ্রামের দিনমজুর সহিদ মিয়ার নামে একটি নলকূপ বরাদ্দ দেখানো হয়েছে। কিন্তু তিনি কোনো নলকূপ পাননি। তিনি এ বিষয়ে কিছুই জানেন না। সহিদ মিয়া বলেন, ‘ভাই গো, আমরা তো নেহাপড়া জানি না। কোন দিক দিয়া চেয়ারম্যান-মেম্বার কী করে জানি না। তবে আমরা কিছুই পাই নাই।’
রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওই সব অভিযোগের তদন্তের জন্য বাদী ও বিবাদীকে নোটিশ দেওয়া হয়েছে।
রাজীবপুর সদর ইউপির চেয়ারম্যান নুর-ই শাহী দাবি করেন, ‘প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা। আমার বিরুদ্ধে কোনো মেম্বার কোনো অভিযোগ করে না। শুধু ওই মহিলা মেম্বার অভিযোগ করে। ওই মহিলাই আসলে ভালো নয়।’
ইউএনও আবদুল লতিফ খান জানান, তদন্ত করার পর ব্যবস্থা নেওয়া হবে।