চেয়ারম্যান-সদস্য দ্বন্দ্বে ইউপি কার্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যান ও সদস্যদের দ্বন্দ্বের কারণে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় কিছু লোকজন। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।
ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, ইউপি সদস্যদের ইন্ধনে স্থানীয় ক্ষমতাসীন দলের কর্মীরা ইউপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। ইউপি সচিব ইয়াকুব হোসেন বলেন, ‘জোহরের নামাজ শেষ করে এসে দেখি আমার কক্ষসহ পরিষদের সব কক্ষে তালা ঝুলছে। খোঁজ নিয়ে জানতে পারি স্থানীয় লোকজন তালা লাগিয়ে দিয়েছে।’
জানা গেছে, সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনার রশিদ ঘুড়কা ইউপির চেয়ারম্যান। ১২ জন সদস্যসের অধিকাংশের সঙ্গে নানা বিষয়ে তাঁর মতবিরোধ হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে লোক নিয়োগ দেওয়ার সময় চেয়ারম্যানের সঙ্গে সদস্যরা বিরোধে জড়িয়ে পড়েন। এ ছাড়া বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ইউনিয়ন পরিষদে দীর্ঘ প্রায় দেড় মাস ধরে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন। ফলে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রসহ অন্যান্য দপ্তরের সব ধরনের সেবা বন্ধ হয়ে গেছে।
ইউপি চেয়ারম্যান বলেন, বিভিন্ন সময়ে চাঁদা ও অনিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন প্রকল্পের অংশ চেয়ে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা পরিষদে তালা দিয়েছে। তিনি এ বিষয়ে সলঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।