চেয়ার-টেবিল ভাঙাই থাকল টাকা কর্মকর্তার পকেটে
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুল হুদার বিরুদ্ধে কার্যালয়ের চেয়ার-টেবিল মেরামত বাবদ ১২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ছাড়া তিনি যাতায়াত (টিএডিএ) বাবদ ২৯ হাজার ও স্টেশনারি মালামাল ক্রয় বাবদ ৯ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
গত ১০ ফেব্রুয়ারি খাদ্য কর্মকর্তার অনুমোদন করা একটি ভাউচার ঘেঁটে দেখা গেছে, কার্যালয়ের চারটি টেবিল, পাঁচটি চেয়ার ও দুটি র্যা ক মেরামতের জন্য আলীগঞ্জ এলাকার মেসার্স রাজা ফার্নিচার হাউস অ্যান্ড নকশা ঘর থেকে ১৬ ঘনফুট কাঠ কেনা হয়েছে; যার মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা। তারকাঁটা কেনা হয়েছে ৩০০ টাকার। মিস্ত্রির মজুরি দেখানো হয়েছে ১ হাজার ৭০০ টাকা। সম্প্রতি খাদ্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ওই কর্মকর্তার খোঁজ করলে কর্মচারীরা বলেন, ‘স্যার আসেননি।’ পাশের কর্মচারীদের কক্ষে গিয়ে কথা হয় খাদ্য পরিদর্শক মোস্তফা কামাল ও পিয়ন সুধীর চন্দ্র দেবনাথের সঙ্গে। কার্যালয়ের চেয়ার-টেবিল মেরামত প্রসঙ্গে জানতে চাইলে তাঁরা বলেন, ‘গত মাসে টাকা ওঠানো হয়েছে বলে শুনেছি। তবে এখনো এগুলো মেরামত করা হয়নি।’
কর্মচারীদের কক্ষের তিনটি চেয়ারই ভাঙা। কয়েকজন কর্মচারী জানান, তাঁদের এখানে বিভিন্ন কাজে চেয়ারম্যান, ইউপি সদস্যরাসহ গণ্যমান্য ব্যক্তিরা আসেন। চেয়ার-টেবিল ভাঙাচোরা হওয়ায় তাঁদের বসার জায়গা দিতে পারেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক কার্যালয়ের এক কর্মচারী জানান, শামসুল হুদা মাসে এক-দুই দিন অফিস করেন। অনিয়মিত উপস্থিতির কারণে গত ২ ডিসেম্বর জেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মোস্তফা সরকার তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। ওই কর্মচারী আক্ষেপ করে বলেন, ‘শামসুল হুদা স্যার মাসে এক-দুই দিন কার্যালয়ে আসেন। কিন্তু তিনি অর্থবছর শেষ হওয়ার আগেই যাতায়াত ভাতার ২৯ হাজার টাকা তুলে নিয়েছেন।’ ওই কর্মচারী আরও বলেন, ‘স্যার স্টেশনারি মালামাল ক্রয় বাবদও ৯ হাজার টাকা তুলে নিয়েছেন।’
জানতে চাইলে শামসুল হুদা টাকা তুলে নেওয়ার কথা স্বীকার করে বলেন, এসব কাজ পরে করা হবে। আর ২ ডিসেম্বর জেলা খাদ্য নিয়ন্ত্রক কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর তিনি এই প্রতিবেদককে বলেছিলেন, হাজীগঞ্জ ছাড়া আরও দুটি উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকার কারণে তিনি নিয়মিত কার্যালয়ে আসতে পারেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুর্শিদ ইসলাম জানান, উপজেলা খাদ্য কার্যালয়ের ভাউচার তাঁকে দেখানো হয় না। এ কারণে শামসুল হুদা এ কাজ করতে পেরেছেন। তবে কার্যালয়ে অনুপস্থিতির কারণে তাঁকে একাধিকবার সতর্ক করা হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মোস্তফা সরকার জানান, ৭ এপ্রিল শামসুল হুদাকে ফরিদগঞ্জে বদলি করা হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সুরাহা না হওয়ায় তাঁকে অব্যাহতি (রিলিজ) দেওয়া হয়নি।