চোখ ফোঁড় করে বক শিকার, যুবক গ্রেপ্তার

চোখ ফোঁড় করা এক হালি কানি বক নিয়ে হাতেনাতে ধরা পড়েছেন জব্বার আলী (২৫) নামের এক শিকারি। সিলেটের জকিগঞ্জের বাসিন্দা জব্বার গতকাল রোববার সকালে শহরতলির মেজরটিলা এলাকায় চোখ ফোঁড় করা চারটি কানি বক বিক্রির জন্য বাজারে তুললে সিলেটের সহকারী বন সংরক্ষকের নেতৃত্বে বন বিভাগের একটি দল জব্বারকে ধরে কোতোয়ালি থানায় সোপর্দ করেছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিক্রেতাদের কাছে ইদানীং বক প্রজাতির পাখিগুলোর চোখ ফোঁড় করা দেখা যায়। এমন নৃশংসতা কারা করেছে—এমন প্রশ্নে কয়েকজন জানান, এ কাজ শিকারিদের। শিকারের পর চোখ ফোঁড় করার কারণ জানালেন জব্বার। তিনি জানান, পাখি শিকার ও বিক্রি আইনত নিষিদ্ধ হওয়ায় পরিবেশবাদী ও প্রাণী সচেতন সংগঠনগুলোর তৎপরতা থেকে রক্ষা পেতে অমানবিক এ কৌশল। বিক্রি করতে গিয়ে ধরা পড়লেও যাতে অবমুক্ত করা না হয়—এ জন্য শিকার করা পাখিগুলোর চোখ পালক দিয়ে ফোঁড় করা হয়।
বিক্রেতা ও শিকারিদের দেওয়া তথ্যে জানা গেছে, সিলেট শহরতলির মেজরটিলা ও ইসলামপুর বাজারে এ মৌসুমে বক এবং শীতকালে অতিথি পাখিও বিক্রি হয়।
গতকাল সকালে ওই বাজারে ক্রেতা সেজে কথা হয় বক সরবরাহকারী আবদুল শহিদের সঙ্গে। শহিদ বলেন, নগরে বিক্রির জন্য নিয়ে এসে ধরা পড়লে খালি হাতেই ফিরে যেতে হয়। চোখ ফোঁড়া থাকলে অন্তত সতর্ক করে দিয়ে শেষ পর্যন্ত ছাড়া পাবেন—এ আশায় কৌশল অবলম্বন করেছেন।
বাজারের একজন মুরগি বিক্রেতা জানান, ইসলামপুর বাজারে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা হয়ে হাকালুকি ও জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার হাওর-বিল থেকে শিকার করা বক এ কৌশলে বাজারে বিক্রির জন্য তোলা হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, ‘বিষয়টিকে আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে। একে তো বকগুলোকে জোরজবরদস্তি করে ধরা হয়। এরপর আবার অবমুক্ত ঠেকাতে চোখ ফোঁড় করা হচ্ছে।
সিলেটের সহকারী বন সংরক্ষক পরিমল চন্দ্র পাল জানান, বন বিভাগের অভিযানে সাধারণত পাখি শিকারি কিংবা বিক্রেতাকে ধরে শিকার করা পাখি অবমুক্ত করে দিয়েই সতর্ক করে দেওয়া হয়। চোখ ফোঁড় করে শিকার করায় গতকাল ধরা পড়া ব্যক্তিকে একটি মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।