চোখ হারাল শাহরিয়ার
এসএসসি পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি। আর মাত্র কয়েকটা দিন বাকি। জেএসসিতে ভালো ফলাফল করেছিল। তাই এসএসসিতেও তেমন চাই। দুই চোখে সেই স্বপ্ন আর ব্রত নিয়ে নাওয়া-খাওয়া ভুলে শুধুই পড়াশোনার মধ্যে ডুবে গিয়েছিল মো. শাহরিয়ার (১৫)। কিন্তু একটি বোমার আঘাতে নষ্ট হয়ে গেল তার একটি চোখ। ওর স্বপ্ন পূরণ আজ বাধার মুখে।
ফেনী পাইলট উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী শাহরিয়ার গত সোমবার বন্ধু সহপাঠী মিনহাজুলকে নিয়ে মাস্টারপাড়া থেকে প্রাইভেট পড়া শেষে রিকশাযোগে বাসায় ফিরছিল। হঠাৎ বোমা হামলার শিকার হয় তারা।
দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও তারা দুজন প্রাইভেট শিক্ষকের কাছে পড়া বাদ দিতে চায়নি। কিন্তু যে পরীক্ষার জন্য তারা এত কষ্ট করছিল, সেই পরীক্ষা নিয়েই এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে। বোমায় শাহরিয়ার হারিয়েছে ডান চোখ আর মিনহাজুল আঘাত পায় মাথা ও কপালে।
বোমায় আহত হওয়ার পর মিনহাজুলকে ঢাকায় ও শাহরিয়ারকে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে পাঠানো হয়। চক্ষু হাসপাতালে অস্ত্রোপচারের পর চিকিৎসক জানিয়ে দেন, ডান চোখে আর কোনো দিন দেখবে না শাহরিয়ার। যেন আকাশ ভেঙে পড়ে বাবা-মায়ের মাথায়। তার বাবা আবুল খায়ের বলেন, ‘আমার একমাত্র ছেলে সে। অনেক আশা নিয়ে লেখাপড়া করাচ্ছিলাম। কিন্তু এমন ঘটনায় আমার পরিবারটি এলোমেলো হয়ে গেল।’
ডান চোখ ছাড়াও মুখমণ্ডল, হাত ও অন্যান্য স্থানে আঘাত পায় শাহরিয়ার। বোমাটি রিকশার ওপরই বিস্ফোরিত হয়। এরপর দুজনই ছিটকে পড়ে যায়। সেদিনের কথা মনে করতেই শিউরে ওঠে শাহরিয়ার। সে জানায়, ‘আমরা দুজন পড়া শেষ করে ডাক্তারপাড়ার বাসার দিকে যাচ্ছিলাম। বোমা বিস্ফোরণের পর পর পড়ে যাই। এরপর আর কিছু বলতে পারি না।’
ওই দিন রাত নয়টার দিকে পাহাড়তলী চক্ষু হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরদিন অস্ত্রোপচার করা হয়। গতকাল বুধবার সকালে সে হাসপাতাল থেকে বাসায় যায়। অস্ত্রোপচারকারী চিকিৎসক সাজ্জাদ হোসেন খান জানান, শাহরিয়ারের ডান চোখে স্প্লিন্টারের আঘাত লেগেছে। ফলে চোখের কর্নিয়া থেকে শুরু করে অপটিক নার্ভ সবকিছু নষ্ট হয়ে গেছে। তাকে দীর্ঘ চিকিৎসায় থাকতে হবে।
চিকিৎসক বলেন, ‘তার ডান চোখের সবকিছু নষ্ট হয়ে গেছে। ওই চোখে আর সে দেখবে না। আমরা কেবল চোখটির ক্ষত থেকে সংক্রমণ ছড়ানো রোধের চেষ্টা করেছি। তাকে আরও কয়েকবার আসতে হবে।’
শাহরিয়ার এই প্রতিবেদককে গতকাল বলে, ‘পরীক্ষার প্রস্তুতি ভালোই ছিল। এখন বুঝতে পারছি না কীভাবে পরীক্ষা দেব। আমার চোখে এখনো যন্ত্রণা করে, মাথা ব্যথা করে।’
আকস্মিক এই ঘটনায় সবচেয়ে বেশি মুষড়ে পড়েছেন মা রোজি রুশনা। সারাক্ষণ চোখের পানি ফেলছেন। ঘটনার পর থেকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন। জোর করে এক-আধটু খাওয়ানো হচ্ছে। কেবল বলছেন, ‘আল্লাহ আমার ছেলেকে কেন এমন শাস্তি দিল। আমরা তো কোনো রাজনীতি করি না। কেন এমন হবে?’