চোখ-হাত বেঁধে ৩৯ দিন আটকে রাখার পর মুক্তি
অপহরণ করে চোখ-হাত বেঁধে ৩৯ দিন একটি নির্জন কক্ষে আটকে রাখার পর ঢাকার কেরানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। অজ্ঞাতপরিচয় একদল ব্যক্তি গত বুধবার রাতে তাঁকে রূপনগর বেড়িবাঁধ এলাকায় ছেড়ে যায়। পরে তিনি পুলিশের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের বক্তার চর এলাকায় নিজ বাসায় ফেরেন।
যাত্রাবাড়ী থানায় দুপুরে ভগ্নস্বাস্থ্য হাবিবুরের সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, গত ১৭ অক্টোবর রাত ১০টার দিকে রাজধানীর দয়াগঞ্জ বটতলা থেকে একদল লোক তাঁকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে মাইক্রোবাসে তোলে। এরপর তাঁর চোখ ও হাত-পা বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাঁকে একটি নির্জন কক্ষে আটকে রাখা হয়। পরে পায়ের বাঁধন খুলে দেওয়া হয়। তবে চোখ ও হাত বাঁধাই থাকে। তাঁকে বুধবার সন্ধ্যার পর চোখ ও হাত বাঁধা অবস্থায় একটি গাড়িতে ওঠানো হয়। এরপর রূপনগর বেড়িবাঁধ এলাকায় গাড়ি থেকে নামিয়ে হাতের বাঁধন খুলে দেওয়া হয়। হাতে ৫০০ টাকার নোট দিয়ে সেই ব্যক্তিরা গাড়ি নিয়ে চলে যায়।
হাবিবুর অপহৃত হওয়ার পর ১৯ অক্টোবর যাত্রাবাড়ী থানায় জিডি করা হয়। এরপরও তাঁর কোনো খোঁজ না পাওয়ায় ২৫ অক্টোবর তাঁর বড় ভাই সানাউল্লাহ বাদী হয়ে একই থানায় অপহরণ মামলা করেন।