চোর অপবাদে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাগ্বিতণ্ডার জেরে টাকা চুরির অপবাদ দিয়ে এক যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার যুবকের নাম দেলোয়ার হোসেন (২৫)। তাঁর বাড়ি উপজেলার শায়েস্তানগর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় অপরিচিত এক ব্যক্তির শরীরে দেলোয়ারের হাতের ধাক্কা লেগে যায়। এ নিয়ে দুজনের বাগ্বিতণ্ডা হয়। পরে ওই ব্যক্তি রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকসংলগ্ন একটি চায়ের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেলোয়ারকে দেখে চোর চোর বলে চিৎকার দেন। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে মারধর শুরু করেন। পরে বাজারের লোকজন দোকানের সামনের একটি খুঁটির সঙ্গে রশি দিয়ে দেলোয়ারকে বেঁধে রাখেন। প্রায় এক ঘণ্টা সময় ধরে তাঁকে কিলঘুষি মারা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
গত শুক্রবার রাত নয়টার দিকে থানায় আনার পর দেলোয়ার বলেন, পথে বাগ্বিতণ্ডার পর চা পান করতে তিনি ওই দোকানের সামনে যান। এর কিছুক্ষণ পরে চোর চোর বলে তাঁকে মারধর শুরু করা হয়।