চোর অপবাদে যুবককে নির্যাতনের অভিযোগ
আয়না পড়া, ডিম পড়া ও রুটি পড়ার মাধ্যমে এক যুবককে চোর অপবাদ দিয়ে বাড়িতে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এসব পদ্ধতি তাঁর ওপর প্রয়োগ করা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় ১০ দিন তাঁকে চিকিৎসার জন্য বাইরে নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এভাবে নির্যাতনের শিকার আলী হোসেন ঢালী (৩০) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মলনচরা গ্রামের আবদুল ওয়াহেদ ঢালীর ছেলে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, গোসাইরহাটের নাগেরপাড়া ইউনিয়নের মলনচরা গ্রামের আনোয়ার ঢালীর বাড়ি থেকে গত ১৩ আগস্ট ৪৭ হাজার টাকা চুরি হয়। আনোয়ার ঢালী আয়না পড়ার মাধ্যমে চোর শনাক্ত করার উদ্যোগ নেন। আয়নায় আলী হোসেন ঢালীকে টাকা চুরি করতে দেখা গেছে বলে গ্রামে তিনি প্রচার চালান। এ নিয়ে গ্রামে সালিস বৈঠকে সিদ্ধান্ত হয় যে কবিরাজের কাছ থেকে ডিম ও রুটি পড়া এনে আলী হোসেনকে খাওয়ানো হবে।
সিদ্ধান্ত অনুযায়ী ৪ সেপ্টেম্বর ফকিরের পড়া আটা দিয়ে রুটি তৈরি করে তা আলী হোসেনকে খাওয়ানো হয়। এরপর থেকে আলী হোসেন অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীরে জ্বালাপোড়া ভাব অনুভূত হতে থাকে। তিনি জ্বরে আক্রান্ত হন। তাঁর শারীরিক অবস্থা এমন হওয়ায় গ্রামে প্রচার চালানো হয়, ফকিরের ডিম ও রুটি পড়ায় কাজ হয়েছে, আলী হোসেনই টাকা চুরি করেছেন।
এরপর গ্রামে মজিবর সরদারের নেতৃত্বে সালিসে সিদ্ধান্ত হয় যে আলী হোসেনের পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। বাধ্য হয়ে আলী হোসেনের বাবা গত শুক্রবার সালিসকারী মোতাহার সরদারের কাছে ২০ হাজার টাকা দেন। বাকি ৩০ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আলী হোসেন অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসকের কাছে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু টাকা পরিশোধ না করে তাঁদের গ্রাম থেকে বের হতে নিষেধ করা হয়।
গতকাল সোমবার দুপুরে মলনচরা গ্রামে গিয়ে দেখা যায়, ঘরের বিছানায় আলী হোসেন অচেতন হয়ে পড়ে রয়েছেন। তাঁর মাথায় পানি দেওয়ার জন্য মাটির একটি পাত্র মাথার কাছে বেঁধে রাখা হয়েছে। বাড়ির আঙিনায় এক কোণে বসে আলী হোসেনের বাবা আবদুল ওয়াহেদ ঢালী কাঁদছেন। স্ত্রী রুনা আক্তার দুই শিশুসন্তান নিয়ে রান্নাঘরে বসে বিলাপ করছেন। বেলা দুইটার দিকে গোসাইরহাট থানার উপপরিদর্শক ফারুক শেখ আলী হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আলী হোসেনের স্ত্রী রুনা আক্তার বলেন, ‘আমার স্বামী কৃষিশ্রমিকের কাজ করেন। বিনা অপরাধে আমার স্বামীকে চোর সন্দেহ করে নির্যাতন করা হয়েছে। মানুষটা ১০ দিন ধরে অসুস্থ, তাঁকে চিকিৎসাও করাতে দিচ্ছে না।’
মজিবর সরদার বলেন, গ্রামের মানুষের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে রুটি পড়া খাওয়ানো হয়েছে। সেই টাকা চুরি করার কথা স্বীকার করে ২০ হাজার টাকা ফেরত দিয়েছেন।
আনোয়ার ঢালী আলী হোসেন ঢালীকে চিকিৎসার জন্য বাড়ি থেকে বাইরে নিতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আয়না পড়ার মাধ্যমে জানতে পারি, আলী হোসেন টাকা চুরি করেছে। এরপর রুটি পড়া খাওয়ানোর সিদ্ধান্ত হয় সালিসে। সে যদি টাকা চুরি না করত, তাহলে তার শরীরের এমন পরিস্থিতি হবে কেন?’
গোসাইরহাট থানার উপপরিদর্শক ফারুক শেখ বলেন, ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।