চোর ও ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলার বাকশইল গ্রামে ‘চোর সন্দেহে’ এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৩০) নিহত হয়েছেন। নিহত ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
পবায় নিহত ব্যক্তির নাম হাসান আলী (২৬)। তাঁর বাড়ি উপজেলার চকিপাড়া গ্রামে। তাঁর বাবার নাম তোফাজ্জল হোসেন। এ ঘটনায় হাসান আলীর বাবা বাদী হয়ে পবা থানায় একটি হত্যা মামলা করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোন্তাজ আলীর ভাষ্য অনুযায়ী, গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে হাসান আলী বাকশইল গ্রামের দেলজান আলীর মুদি দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় দোকানের পাশের বাড়ির রোজিনা খাতুন শব্দ পেয়ে বের হয়ে আসেন। তাঁকে দোকানের মধ্যে দেখে রোজিনা চিৎকার দিলে হাসান পালানোর চেষ্টা করেন। এ সময় গ্রামের লোকজন ঘিরে ফেলে তাঁকে ধরে পিটুনি দিয়ে স্থানীয় গ্রাম পুলিশ নোমান আলী ও কায়মুদ্দিনের হাতে তুলে দেন। তাঁরা সকাল ১০টার দিকে তাঁকে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে লাশ নিয়ে গিয়ে তাঁরা ওই দোকানের সামনে ফেলে রাখেন। হাসান আলীর বাবা তোফাজ্জল হোসেন জানান, হাসান আলী রিকশা চালাতেন। সাধারণত সারা রাত রিকশা চালিয়ে সকালে বাড়ি ফিরতেন।
পবা থানার ওসি শরিফুল ইসলাম গতকাল বলেন, স্থানীয় ইউপি সদস্য মোন্তাজ আলীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে পাশের একটি ডোবা থেকে তাঁর রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, সকালেও হাসান আলী বেঁচে ছিলেন। সকালে বিস্কুট ও চা খেয়েছেন। তারপর তাঁর অবস্থা খারাপ হলে হাসপাতালে আনা হয়। ভয়ে দুই গ্রাম পুলিশ পালিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল রাত আনুমানিক সোয়া আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা এলাকা থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে অজ্ঞাতনামা এক ব্যক্তি। বিষয়টি কাজীর শিমলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে জানায় স্থানীয় লোকজন। পরে ত্রিশাল থানা-পুলিশ মহাসড়কে অবস্থান নেয়। উকিলবাড়ি এলাকায় লোকজন ওই ব্যক্তিকে দেখতে পেয়ে সন্দেহ করে জেরা শুরু করে। একপর্যায়ে ওই ব্যক্তি গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। উকিলবাড়ি এলাকার লোকজন উত্তেজিত হয়ে তাঁকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।