চোর ও ডাকাত সন্দেহে গণপিটুনি, দুজন নিহত
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে গত সোমবার দিবাগত রাতে রুহুল আমিন (৪০) নামের এক ব্যক্তি ও গতকাল সকালে চট্টগ্রাম নগরে চোর সন্দেহে গণপিটুনিতে মো. রনি (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রামগঞ্জের চণ্ডীপুর গ্রামের শেখ লিয়াকত উল্যার বাড়িতে সোমবার রাত তিনটার দিকে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। এ সময় লিয়াকতের পরিবারের সদস্যদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে ডাকাতদের ঘিরে ফেলেন। তখন ডাকাতেরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী ধাওয়া করে রুহুল আমিনকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই রুহুল মারা যান। রুহুল উপজেলার আতাকোটা গ্রামের সৈয়দ আলীর ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুর রউফ বলেন, গতকাল সকালে নগরের চান্দগাঁও এক কিলোমিটার এলাকার একটি বাসায় চুরি করতে গেলে স্থানীয় লোকজন রনিকে আটক করে গণপিটুনি দেন। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রনি কুমিল্লার মুরাদনগরের আবদুল কাদেরের ছেলে।