বরিশালের উজিরপুর থেকে ছিনতাই হওয়া ট্রাক গতকাল রোববার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ বাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে গাড়িচোর চক্রের সদস্য সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেওয়া উজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আলী আহম্মেদ জানান, গত শুক্রবার রাতে উজিরপুর উপজেলা সদরে পৌঁছানোর পর মহাসড়ক থেকে একটি সরু বিকল্প সড়কে ঢোকামাত্র চোর চক্রের সদস্যরা গামছা দিয়ে চালকের হাত-মুখ বেঁধে ফেলে। পরে চালককে রাস্তার ধারে একটি গাছের সঙ্গে বেঁধে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার রাত ১১টার দিকে বরিশালের বিমানবন্দর থানার দেহরগতি এলাকার সিরাজুল হাওলাদারকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী উজিরপুরের বিভিন্ন এলাকা থেকে রুবেল (১৭), স্বপন (১৮), মিলন (১৬), আবদুল্লাহ (১৬) নামের আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে এর আগেই চক্রের সদস্যরা দেড় টনের ট্রাকটি বিক্রির জন্য গোয়ালন্দের উজানচর ইউনিয়নের জয়নদ্দিন সরদার পাড়ার ছাত্তার ওরফে হাসান ব্যাপারীর (৪০) কাছে পাঠায়।
এসআই আলী আহম্মেদ আরও বলেন, চক্রের অন্যতম সদস্য ছাত্তার সিরাজুল হাওলাদারের ভগ্নিপতি। তিনি ফরিদপুর শহরে কাঁচামালের ব্যবসা করেন। কাঁচামালের আড়ালে তিনি ছিনতাই হওয়া গাড়ি বিক্রি করতেন। পুলিশ মুঠোফোনের সূত্র ধরে ছাত্তারকে গতকাল ভোরে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে। ছাত্তারের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল নয়টার দিকে গোয়ালন্দ বাজারের শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব চত্বর থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।