চোর চক্রের 'দুই সদস্যসহ' গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়ার বাস্তুহারা ক্ষেতচর এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে গ্রিল কাটা চোর চক্রের দুই সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকলিয়া থানার পুলিশ এ কথা জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো মো. রুবেল, আবদুর রহমান ও সুজন ধর। পুলিশ জানায়, সুজন ধর চোরাই স্বর্ণের ক্রেতা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, রুবেল ও আবদুর রহমান রাজমিস্ত্রী পেশার আড়ালে বাসার গ্রিল কেটে চুরি করে। কিছুদিন আগে ক্ষেতচর এলাকার ব্যবসায়ী মিঠু দাশের বাসায় কাজ করেছিল তারা। ৯ জুন বাসা তালাবদ্ধ করে ঢাকায় আত্মীয়ের বাসায় বেড়াতে যান মিঠু দাশ। দুদিন পর ফিরে এসে দেখেন চোর তাঁর বাসার গ্রিল কেটে টাকা ও স্বর্ণালংকার চুরি করেছে। এ ঘটনায় তিনি বাকলিয়া থানায় মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে। এ ঘটনায় রুবেল ও আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তারা চুরির কথা স্বীকার করে। রুবেল ও আবদুর রহমান চুরি করা স্বর্ণালংকার সুজন ধরের কাছে বিক্রি করে। ওসি বলেন, ওই গ্রিল কাটা চোর চক্রের সদস্য ছয় থেকে সাতজন।