চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে রংপুর মেডিকেলে ওই ব্যক্তি মারা যান। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আবদুস সালাম (৩৫)। আহত দুজন হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মশিয়ার রহমান ও রংপুরের গঙ্গাচড়ার বড়াইবাড়ি এলাকার আবদুল মালেক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার রাতে উপজেলার নীলকচন্ডি গ্রামে ধরণী চন্দ্র মহন্তের বাড়ির একটি বড় গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন তিনজন চোর। এ সময় ওই বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দেন। এরপর স্থানীয় লোকজন তাঁদের ধরে গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গত মঙ্গলবার রাতে সালাম মারা যান।
গঙ্গাচড়া থানার ওসি জিন্নাত আলী বলেন, গরুর মালিক ধরণী চন্দ্র মহন্ত মঙ্গলবার রাতে মামলা করেছেন।