চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গরু চোর সন্দেহে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। পাঁচবিবি থানার পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বীরনগর গ্রামের স্বপন চন্দ্র সিংহের গোয়াল ঘরে সিঁধ কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে তিনটি গরু চুরি করে নিয়ে যেতে থাকে। গ্রামের একজন সেহ্‌রি খেতে উঠে গরু নিয়ে যেতে দেখে চিৎকার করেন। মসজিদের মাইক থেকে চোর চোর বলে প্রচার করা হয়। ওই সময় গ্রামবাসী ধাওয়া করে গরুসহ একজনকে ধরে ফেলে পিটুনি দেন। এতে ঘটনাস্থলে ওই ব্যক্তি মারা যান।
খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
গৃহকর্তা বীরনগর গ্রামের স্কুলশিক্ষক স্বপন চন্দ্র সিংহ আজ বুধবার মুঠোফোনে জানান, তাঁর মাটির গোয়াল ঘরে চোরেরা সিঁধ কেটে তিনটি গরু নিয়ে যায়। চোরেরা তাঁর শয়নকক্ষের দরজার ছিটকিনি লাগিয়ে দিয়ে যায়। গ্রামের একজন সেহ্‌রি খেতে উঠে গরু নিয়ে যাওয়া দেখতে পান। তাঁর চিৎকার শুনে মসজিদের মাইকে চোরের খবর প্রচার হলে গ্রামবাসী ধাওয়া করে একজনকে ধরে ফেলেন। পিটুনিতে চোরেদের একজন মারা যান।
ওই ঘটনায় স্বপন চন্দ্র বাদী হয়ে বুধবার পাঁচবিবি থানায় একটি মামলা করেছেন। পুলিশও বাদী হয়ে একটি মামলা করেছে।
জয়পুরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল জানান, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তে শেষে আঞ্জুমান মুফিদুলের সহায়তায় তাঁর মরদেহ সরকারি কবরস্থানে দাফন করা হবে।