চোর সন্দেহে গণপিটুনির শিকার যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় চোর সন্দেহে গণপিটুনির শিকার এক যুবকের পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে। গত বুধবার বেলা পৌনে তিনটার দিকে পুলিশ হেফাজতে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর নাম মিজানুর রহমান প্রামাণিক (৩০)। তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকুড়ি কাচারীপাড়া গ্রামের আকাই প্রামাণিকের ছেলে।
গত বুধবার তাঁর স্ত্রী শাহীনা বেগম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কালুখালী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
নিহতের শ্যালক আল আমিন হোসাইন বলেন, ভ্যানচালক মিজানুর গত মঙ্গলবার দুপুরে গরু কিনতে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ী হাটে যান। সাইকেল চোর সন্দেহে বাজার কমিটির সভাপতি আনছার আলী ও সাধারণ সম্পাদক আকরাম উদ্দিনের নেতৃত্বে তাঁকে প্রচণ্ড মারধর করা হয়। একপর্যায়ে মিজানুর অজ্ঞান হয়ে পড়লে তাঁকে ফেলে রাখা হয়। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে কালুখালী থানায় আনে এবং তাঁর বিরুদ্ধে গরু চুরির মামলা দায়ের করে। সন্ধ্যায় মিজানুর বুকে ব্যথা অনুভব করলে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গত বুধবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়।