চোর সন্দেহে গাছে বেঁধে দুই দিন ধরে নির্যাতন
রাজশাহীর বাঘা উপজেলায় ভ্যান চুরির অভিযোগে এক তরুণকে দুই দিন ধরে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। অবশেষে গতকাল শুক্রবার বিকেলে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
নির্যাতনের শিকার তরুণের নাম রিপন আলী (২৩)। তিনি উপজেলার আড়ানী পৌর এলাকার পিয়াদাপাড়া মহল্লার আফতাব আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পিয়াদাপাড়া মহল্লার আশকান আলীর ভ্যান চুরি হয়। চোর সন্দেহে ওই দিনই আড়ানী বাজার থেকে রিপনকে ধরে আনে আশকান ও তাঁর লোকজন। পরে তাঁকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন আশকানের লোকজন। নির্যাতনের একপর্যায়ে রিপন ভ্যান চুরির কথা স্বীকার করেন। ওই ভ্যান তিনি বাঘা বাজারে দুই হাজার ৭০০ টাকায় বিক্রি করেছেন বলে জানিয়েছেন। পরে তিনি ওই টাকায় গাঁজা ও হেরোইন কিনে সেবন করার কথাও স্বীকার করেছেন।
তবে রিপনের মা সাগরী বেগম অভিযোগ করেন, তাঁর ছেলেকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। তাঁরা তাঁর ছেলের কাছে থাকা দুই হাজার ৩০০ টাকাও কেড়ে নিয়েছেন। তবে আশকান নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।
থানার ওসি আমিনুর রহমান জানান, ছেলেটি বোধ হয় হেরোইনসেবী। তাঁর পরিবার চাইছে তাঁকে আদালতে সোপর্দ করা হোক।