চোর সন্দেহে ছয়জনকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গরুচোর সন্দেহে ছয়জনকে ধরে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। গত শুক্রবার গভীর রাতে উপজেলার ভদুয়া গ্রামের যমুনা মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে গণপিটুনির শিকার পাঁচজনই বলছেন, তাঁরা গরু ব্যবসায়ী। তাঁদের অভিযোগ, হামলাকারীরা তাঁদের কাছে থাকা ৫ লাখ ৯০ হাজার ৭০০ টাকা ও ছয়টি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে।
গণপিটুনির শিকার ছয়জন হলেন জেলার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের দুধপাতিলা গ্রামের আবুল কালাম (৪৫), মোহাম্মদ সাহেব (৪৫), আবদুল গাফফার (৩০), মো. ইনতাজুল হোসেন (৩০) ও তাঁর শ্বশুর উজিরপুর গ্রামের খাকছার মণ্ডল (৫০) ও ট্রাকচালক চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার শামীম (২৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ভদুয়া গ্রামের আমজাদ হোসেন ও রেজাউল ইসলামের দুটি গরু চুরি যায়। এরপর গ্রামবাসী মসজিদের মাইকে বিষয়টি জানালে লোকজন সংগঠিত হয়ে গরু খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গ্রামের যমুনার মাঠে গরুসহ মিনি ট্রাক দেখতে পান তাঁরা। গ্রামবাসী গরুসহ ছয়জনকে হাতেনাতে ধরে গণপিটুনি দেন এবং ট্রাকটি ভাঙচুর করেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানার পুলিশ ওই ছয়জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিফাত আরা বলেন, আহত ব্যক্তিদের মধ্যে শামীম ও গাফফারকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের হেফাজতে নিয়েছে পুলিশ। বাকি চারজন পুলিশ প্রহরায় চিকিৎসাধীন।
আমজাদ হোসেন বলেন, চুরি হওয়া গরুসহ ওই ছয়জনকে ট্রাকে পাওয়া যায়। সম্প্রতি ওই গ্রাম থেকে আবদুল কাদের ও মোহাম্মদ আলী জিন্নাহর ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে।
চিকিৎসাধীন ইনতাজুল ইসলাম বলেন, ট্রাকে করে তাঁরা জয়পুরহাট জেলায় গরু কিনতে যাচ্ছিলেন। আলমডাঙ্গা-জামজামি সড়কে যাওয়ার সময় যমুনার মাঠে ভদুয়া গ্রামের লোকজন পাওয়ার টিলার দিয়ে রাস্তা অবরোধ করেন। এরপর চালকসহ তাঁদের ট্রাক থেকে নামিয়ে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারপিট করা হয়। পাশাপাশি তাঁদের কাছে থাকা গরু কেনার ৫ লাখ ৯০ হাজার ৭০০ টাকা ও ছয়টি মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। তাঁদের বহনকারী ট্রাকটিও ভাঙচুর করা হয়।
হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ প্রথম আলোকে বলেন, চোর সন্দেহে গণপিটুনির শিকার ছয়জনের পাঁচজনই গরুর ব্যাপারী। এঁদের মধ্যে ইনতাজুল তিনটি ট্রাকের মালিক। তাঁরা দেশের বিভিন্ন এলাকার হাট থেকে গরু কিনে এনে চুয়াডাঙ্গার হাটগুলোতে বেচাকেনা করেন। ভদুয়া গ্রামে গরু চুরির ঘটনা ঘটলেও ঘটতে পারে। তবে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, যাদের পিটুনি দিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার পর মামলা দেওয়া হয়েছে—তাঁদের কেউই চুরির সঙ্গে জড়িত নন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বলেন, গরু চুরির ঘটনায় ভদুয়া গ্রামের আমজাদ হোসেন ওই ছয়জনসহ আটজনকে আসামি করে মামলা করেছেন। উদ্ধার করা দুটি গরু আমজাদ ও রেজাউলকে ফেরত দেওয়া হয়েছে। সেই সঙ্গে গাড়ির গদির নিচে পাওয়া ১ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।