চোর সন্দেহে জেলেকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে এক জেলেকে দুই দিন ধরে আটকে রেখে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে জেলে জয়নাল খানকে (৩২) উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল বুধবার তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহখানেক আগে মরখালী গ্রামের সজীব মাতুব্বরের একটি ইঞ্জিনচালিত নৌকা চুরি হয়। গত শনিবার পদ্মা গ্রামের বিষখালী নদীতে নৌকাসহ পার্শ্ববর্তী পশ্চিম রায়ভোগ গ্রামের জেলে জয়নাল খানকে (৩২) আটক করেন স্থানীয় লোকজন। রাতেই চুরি হওয়া নৌকাসহ জয়নালকে ইউপি সদস্য জসিম মাতুব্বরের বাড়িতে নিয়ে যান তাঁরা। এরপর শনিবার রাত থেকে জয়নালের ওপর নির্যাতন চালান সজীব মাতুব্বর, তাঁর চাচাতো ভাই রাসেল মাতুব্বর ও তাঁদের সহযোগীরা। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জয়নাল। রোববার দুপুরে জসিম মাতুব্বরের বাড়িতে যান ঢলুয়া ইউপির চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল। তিনি দেড় লাখ টাকা জরিমানা করে জয়নালকে তাঁর পরিবারের কাছে ফেরত দেন। বাড়ি ফিরে জয়নাল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে জয়নালকে ফের নিজের বাড়িতে নিয়ে আসেন জসিম মাতুব্বর। পরে স্থানীয় লোকজন থানায় বিষয়টি জানালে পুলিশ মঙ্গলবার দুপুরে ইউপি সদস্য জসিম মাতুব্বরের বাড়ি থেকে গুরুতর অসুস্থ অবস্থায় জয়নালকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, জয়নালের তলপেটে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর বাঁ কাঁধ ও শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও জখমের চিহ্ন রয়েছে।
জয়নালের অভিযোগ, নানা কৌশলে তাঁর ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। নাভির ওপরে ও ভেতরে ধান ঢুকিয়ে পায়ের গোড়ালি দিয়ে একজনের পর একজন তাঁকে পায়ের গোড়ালি দিয়ে পদদলিত করে। তাঁর গোপনাঙ্গেও নানাভাবে আঘাত করা হয়েছে। এখন তিনি প্রস্রাব করতে পারছেন না। শরীরে তীব্র যন্ত্রণা অনুভব করছেন। সমস্ত শরীর ফুলে গেছে।
জয়নালের স্ত্রী মুন্নী বেগম (২৫) অভিযোগ কেরেন, স্থানীয় বাদল মণ্ডলকে ৮০ হাজার টাকা দিয়ে কিছু জমি বন্ধক রেখেছিলেন তাঁরা। ওই সময় বাদল মণ্ডলের কাছ থেকে তাঁরা যে লিখিত স্ট্যাম্পটি নিয়েছিলেন, সেটিও নিয়ে গেছেন ইউপি সদস্য ও তাঁর লোকজন। জোর করে একাধিক খালি স্ট্যাম্পেও সই নিয়েছেন তাঁরা। এ ছাড়া একটি গরু, দুটি ছাগলসহ চার বিঘা জমিও লিখিয়ে নিয়েছেন জসিম মাতুব্বর।
এ বিষয়ে জসিম মুতুব্বর বলেন, ‘চুরি করার পরে লোকলজ্জার ভয়ে জয়নাল বাড়ি যেতে চায়নি। তাই সে আমার বাড়িতে ছিল। তাঁকে তেমন মারধর করা হয়নি।’
এ ব্যাপারে জানতে চাইলে বরগুনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাসান বলেন, তদন্ত না করে নৌকা চুরির বিষয়ে কিছু বলা যাবে না। ঢলুয়া ইউপির চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল বলেন, স্থানীয় অনেকেই জয়নালের কাছে টাকা পাবেন। ওই টাকা পাওনাদারদের ফেরত দেওয়ার জন্য তিনি জরিমানা করেন।