চোর সন্দেহে দুজনকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গোপীবাগের জজ মিয়া গলিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় চোর সন্দেহে দুজনকে গণপিটুনি দেওয়া হয়েছে। তাঁরা হলেন মো. আলমগীর (৩৮) ও মো. জসিম (২৮)। আহতাবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়ারী থানার পুলিশ জানায়, ওয়ারী থানা এলাকার জজ মিয়া গলির একটি বাড়ির তৃতীয় তলায় থাকেন ছয়জন চাকরিজীবী। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তাঁরা কেউ বাসায় ছিলেন না। বাসা ছিল তালাবদ্ধ। ওই সময় আলমগীর ও জসিম তালা ভেঙে বাসায় ঢুকে মালামাল চুরি করতে থাকেন। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে তাঁদের ধরে পিটুনি দেন। এরপর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাঁদের হাসপাতালে নিয়ে যায়।
ওয়ারী থানার উপপরিদর্শক আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।