চোর সন্দেহে পিটিয়ে হত্যা
যশোরের অভয়নগর উপজেলার বিভাগ্দী গ্রামে পানচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম নাকিব মাহাবুব (৫০)। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।
নিহত মাহাবুব পেশায় ঘাটশ্রমিক ছিলেন। তিনি অভয়নগর উপজেলার তালতলায় কয়লার ঘাটে ভৈরব নদে অবস্থানরত বার্জ ও কার্গো থেকে কয়লা নামানোর কাজ করতেন। তাঁর বাড়ি বাগেরহাটে বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে মাহাবুব বিভাগ্দী গ্রামের খোকন নন্দীর (৬০) বরজে পান চুরি করতে যান। এ সময় খোকন নন্দী ও তাঁর ছোট ভাই তপন নন্দী (৫৩) পানের বরজ পাহারা দিচ্ছিলেন। তাঁরা চোরের উপস্থিতি টের পেয়ে তাঁকে তাড়া করে ধরে ফেলেন এবং পেটাতে শুরু করেন। তাঁদের চিৎকার শুনে গ্রামের জুয়েল দাস (১৯), সাহেব দাস (১৬), অজয় দত্তসহ (১৭) কয়েকজন এসে মারধর শুরু করেন। কিল, ঘুষি ও লাঠি দিয়ে তাঁকে বেদম পেটানো হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁরা তাঁকে কার্পেটিং জুটমিলের ঘাট দিয়ে নৌকায় করে ভৈরব নদ পার করে রাজঘাট অংশে রেখে চলে যান। এর কিছুক্ষণ পর সেখানেই তাঁর মৃত্যু হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, গতকাল শুক্রবার ওই ঘাট থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে নাকিব মাহাবুবকে হত্যা করা হয়েছে কি না।
খেয়ার মাঝি সাদ্দাম হোসেন বলেন, বিভাগ্দী গ্রামের ১০-১৫ জন লোক এসে তাঁকে তাঁর নৌকায় তুলে দেন। নদী পার হওয়ার সময় তাঁদের মধ্যে থেকে দুজন নৌকায় উঠে লোকটাকে ওপারে নামিয়ে দিয়ে নৌকায় ফিরে আসেন। তাঁকে খুব অসুস্থ দেখাচ্ছিল।
নিহত নাকিব মাহাবুবের ছেলে স্বাধীন হোসেন (২২) এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার সময় মুঠোফোনে তিনি বলেন, ‘আমার বাবা কেন মারা গেছেন, তা আমি এই মুহূর্তে বলতে পারছি না। ময়নাতদন্তে বিষয়টি বোঝা যাবে।’