চোর সন্দেহে পিটুনিতে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গত মঙ্গলবার গভীর রাতে গণপিটুনিতে এক ‘গরু চোর’ নিহত হয়েছেন। তবে গতকাল বুধবার বিকেল পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে একদল চোর উপজেলার বীরনগর গ্রামের স্কুলশিক্ষক স্বপন চন্দ্র সিংহের গোয়াল ঘরে সিঁদ কেটে তিনটি গরু চুরি করে। কিন্তু নিয়ে যাওয়ার সময় গ্রামের এক বাসিন্দার চোখে বিষয়টি ধরা পড়ে। তিনি চোর চোর বলে চিৎকার দেন। এ ছাড়া মসজিদের মাইক থেকে গ্রামে চোর আসার খবর প্রচার করা হয়। গ্রামের বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে চোরদের ধাওয়া দেন। একপর্যায়ে গরুসহ ওই ব্যক্তিকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
গতকাল বুধবার মুঠোফোনে জানতে চাইলে স্কুলশিক্ষক স্বপন চন্দ্র প্রথম আলোকে বলেন, লোকজনের চিৎকার ও চেঁচামেচিতে তাঁর ঘুম ভাঙে। কিন্তু চোরেরা তাঁর শয়নকক্ষের দরজার ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে দিয়েছিল বলে তাৎক্ষণিকভাবে তিনি বেরোতে পারেননি। পরে প্রতিবেশীরা ছিটকিনি খুলে দেন। চুরির এ ঘটনায় তিনি বাদী হয়ে পাঁচবিবি থানায় অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।
গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে জানতে চাইলে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লোকটিকে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা সহস্রাধিক গ্রামবাসীর বিরুদ্ধে আরেকটি মামলা করেছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল বলেন, পরিচয় নিশ্চিত হওয়া না গেলে ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে মুফিদুলের সহায়তায় লাশটি সরকারি কবরস্থানে দাফন করা হবে।