চোর সন্দেহে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে চোর সন্দেহে একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, কলেজের কিছু ছাত্র ও কর্মচারী এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে পুলিশ বা কলেজ কর্তৃপক্ষ দায়ী ব্যক্তিদের ব্যাপারে সুনির্দিষ্ট করে জানাতে পারেনি।  

ওই ঘটনা জানাজানি হলে উত্তেজিত এলাকাবাসী গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে আধা ঘণ্টা ধরে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় শত শত যানবাহন আটকা পড়ে থাকে। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে পুনরায় যান চলাচল শুরু হয়।

নিহত ব্যক্তির নাম মো. সোহেল হোসেন (২৩)। বাবা মৃত ফজলুর রহমান। বাড়ি ওই কলেজ-সংলগ্ন উপশহরের ৮ নম্বর ব্লকে।

নিহত সোহেলের স্ত্রী স্বপ্না বেগম বলেন, বছরের দুই-তিন মাস সোহেল মানসিকভাবে ভারসাম্যহীন থাকতেন। এ সময় ঘুমাতে পারতেন না।

সোহেলের ছোট ভাই মো. শহীদ (১৮) বলেন, পাঁচ-সাত দিন ঘুম না হলে তাঁর ভাই ভীষণ উত্তেজিত হয়ে পড়তেন বলে বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। বুধবার শিকল খুলে বের হয়ে গিয়ে আর ফেরেননি। বৃহস্পতিবার রাতে কলেজ ক্যাম্পাসে চিৎকার ও মারধরের আওয়াজ পাওয়া যায়। সকালে সেখানে গিয়ে জানা যায়, ছাত্র-কর্মচারীরা চোর সন্দেহে সোহেলকে পিটিয়ে মেরে ফেলেছেন।

দিনাজপুর উপশহরের ৮ নম্বর ব্লকের কয়েকজন বাসিন্দা বলেন, সোহেল প্রতিবন্ধী ছিলেন, সেটা স্থানীয় লোকজন জানেন। কোনো দিন চুরি-ডাকাতি বা কারও ক্ষতি করেননি। তাই তাঁরা সোহেল হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করছেন।

এদিকে গতকাল সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, সুনসান নীরবতা। কোনো শিক্ষার্থী বা কর্মচারী কেউ নেই। কলেজ ভবনের প্রবেশপথে বিশাল তালা। কলেজের প্রধান প্রবেশপথও বন্ধ।

কলেজের অধ্যক্ষ মো. কামরুল আহসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন ধরে ক্যাম্পাসে চোরের উৎপাত বেড়েছে। বৃহস্পতিবার রাত তিনটার দিকে কলেজের মূল ভবনের প্রবেশপথে সাইকেল গ্যারেজে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে নিরাপত্তাকর্মীরা তাঁকে ধাওয়া দেন। এ সময় মারধরের ঘটনা ঘটে। এরপর গতকাল সকালে এলাকাবাসী কলেজের সামনে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করলে জানতে পারেন, সোহেল নামে এক ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে এ অবরোধ করা হয়েছে। কারা মারধর করেছেন তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।

অধ্যক্ষ আরও বলেন, ওই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের তরফে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম বলেন, চোর সন্দেহে ক্যাম্পাসে গণপিটুনির ঘটনায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার পর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।