চোর সেজে বেরিয়ে গেলেন খুনের আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>খুনের মামলার আসামি সেজে বসে থাকা মোহাম্মদ হোসেনকে (যিনি আসলে চুরির মামলার আসামি) সিআইডি রিমান্ডে নিলে সেখানে ফাঁস হয়, ভুল লোককে আনা হয়েছে

কারাগারে আটক ছিলেন সামান্য চুরির মামলার আসামি মোহম্মদ হোসেন। তাঁর জামিন লাভ কঠিন হওয়ার কথা নয়। এ কথা জেনে তাঁর পরিচয় নিয়ে আদালতে হাজির হয়েছিলেন খুনের মামলার কারাবন্দী আসামি তারেক উদ্দিন। চুরির মামলার আসামি হিসেবে জামিন নিয়ে বেরিয়ে যান তিনি। আর ওদিকে খুনের মামলার আসামি সেজে বসে থাকা মোহাম্মদ হোসেনকে (যিনি আসলে চুরির মামলার আসামি) সিআইডি রিমান্ডে নিলে সেখানে ফাঁস হয়, ভুল লোককে আনা হয়েছে। তখন মোহম্মদ হোসেন নিজের মুক্তি দাবি করেন। কেননা আদালত তো তাঁকে আগেই জামিন দিয়ে ফেলেছেন।

ঘটনাটি ঘটেছে গত বছরের ৯ মে। এ নিয়ে টানাপোড়েন শুরু হলে জানা যায়, দুই বন্দী জোচ্চুরির এই পরিকল্পনা পরস্পরের যোগসাজশে করেছেন। তবে এর সঙ্গে কাশিমপুর কারাগারের কর্মী ও কর্মকর্তাদেরও সম্পৃক্ততা থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কর্তৃপক্ষ।

কারা কর্তৃপক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে, দুই বন্দী ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক থাকা অবস্থায় এ পরিকল্পনা করেন। পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত হলে তাঁরা এটি বাস্তবায়ন করেন। বন্দী আনা-নেওয়ায় গতানুগতিক পদ্ধতির সুযোগ নিয়ে এ জালিয়াতির ঘটনা ঘটানো হয়েছে। কারা কর্তৃপক্ষ উভয় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে এক নথিতে জানানো হয়েছে।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কারা অধিদপ্তর থেকে যা বলা হচ্ছে, তা কোনোভাবে ধোপে টেকে না। যখন একজন হাজতি হিসেবে কারাগারে প্রবেশ করেন, তখন প্রচলিত নিয়মানুযায়ী প্রথমে তাঁর ছবি তোলা হয়, শনাক্তকরণ চিহ্ন নির্ণয় করা হয়, টিকিটের মধ্যে হাজতির নম্বর সংযোজনসহ তাঁর টিপসই, স্বাক্ষর গ্রহণ করা হয় এবং হাজতির রেজিস্টার বইতে এগুলো সংরক্ষণ করা হয়। এরপর বন্দীকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরের সময় ওই ছবি ও শনাক্তকরণ চিহ্নসংবলিত টিকিট গন্তব্যে পাঠানো হয়।

নথিতে বলা হয়েছে, আসামি তারেক ও মোহম্মদ হোসেন গত বছরের ৭ মে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত হওয়ার পর সেখানে ঢোকার মুখেই পরিচয় পাল্টে নিয়েছেন। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটা সহজ হওয়ার কথা নয়। একে অন্যের নাম বললেও তাঁদের শরীর পরীক্ষা, শনাক্তকরণ চিহ্ন মেলানো, স্বাক্ষর ও টিপসই মেলানো এবং ওজন নেওয়া হলে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ জালিয়াতি ধরতে পারত। এগুলো করা হয়নি। তাই এসব প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের চিহ্নিত করে দায় নির্ধারণ করতে বলেছে মন্ত্রণালয়।

অনুসন্ধানে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মতামতের পর কারা অধিদপ্তর তদন্ত শুরু করে। ওই তদন্তে বলা হয়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ভর্তি শাখায় বন্দীর ছবি তোলার কাজে নিয়োজিত ছিলেন কারারক্ষী আবু রায়হান। বন্দীরা কারাগারে ঢোকার সময় তিনি সংশ্লিষ্ট দুজন বন্দীর ছবি তোলার দায়িত্ব থেকে বিরত ছিলেন।

জানতে চাইলে কারারক্ষী আবু রায়হান প্রথম আলোকে বলেন, ‘দুই বন্দী পরিকল্পনা করে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে আসেন। তাঁদের কৌশল বুঝতে না পারায় আমার এত বড় ভুল হয়েছে।’ তিনি বলেন, প্রতিদিন অনেক আসামি আসেন, এলোমেলোভাবে ছড়িয়ে থাকেন। যে সময়ে তাঁদের ছবি তোলা ও তথ্য নেওয়ার কথা, হয়তো তাঁরা সরে গিয়েছিলেন। খুনের মামলার আসামি তারেক মাত্র দুই দিনের মধ্যে বের হয়ে গেছেন। তাতে বোঝা যায়, তাঁদের পরিকল্পনা কতটা শক্তিশালী ছিল।

অসুস্থ দেখিয়ে এই দুই বন্দীকে কারা হাসপাতালে নেওয়া হয়েছিল এবং সেখানে তাঁদের একই কক্ষে থাকার ব্যবস্থা করা হয়। কারা হাসপাতালের নার্স নূরুজ্জামান রোগী ভর্তির সময় পরিচয় যাচাই করেননি বলে তদন্তে বেরিয়ে এসেছে। জামিনের সময় পরিচয় পাল্টানোর সুযোগ পেতে তিনিও সহায়তা করে থাকতে পারেন। নুরুজ্জামান কিশোরগঞ্জ কারাগারে বদলি হয়েছেন। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঢাকা ও কাশিমপুর কারাগারের কয়েকজন কর্মকর্তা জানান, দুই বন্দীর পরিচয় বদলের বিষয়টি ধরা পড়ার কথা প্রধান কারারক্ষী শরিফ উদ্দিনের চোখেও। এমনকি বন্দী শনাক্তকরণের নিয়মিত কার্যক্রম অনুসরণ না করার বিষয়টি নজরে আসার কথা ডেপুটি জেলার ফেরদৌস মিয়ার। তিনি জেলারকে বিষয়টি জানাননি।

এসব বিষয়ে জানতে চাইলে আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন প্রথম আলোকে বলেন, তদন্তাধীন বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।

তারেক উদ্দিনের বিরুদ্ধে যে হত্যা মামলা দায়ের হয়েছে, তার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ১৯ মে রাজধানীর শাহজাহানপুর এলাকার উত্তরা ব্যাংকের সামনে ব্যবসায়ী জহির উদ্দিনকে গুলি করে তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে যান তিন মোটরসাইকেল আরোহী। এঁদের একজন ছিলেন তারেক উদ্দিন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা জহিরকে মৃত ঘোষণা করেন।